আমেরিকাকে সমর্থন করে এবার ইরান যুদ্ধে নামছে স্পেন। বুধবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এমনটাই দাবি করেছিলেন। কিন্তু সেই মার্কিন দাবি খারিজ করে দিল মাদ্রিদ। স্পেনের বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস সাফ জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত।
ইরান যুদ্ধে নিজেদের সামরিক ঘাঁটিগুলি আমেরিকাকে ব্যবহার করতে দেয়নি স্পেন। এর জেরে মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়েছে মাদ্রিদ। স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে মাদ্রিদ ঘোষণা করে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে তাদের একটাই অবস্থান। ‘নো ওয়ার’ অর্থাৎ 'যুদ্ধ নয়'। এরপরই বুধবার ক্যারোলিন একটি বিবৃতিতে দাবি করেন, ইরান যুদ্ধে মার্কিন সেনাকে সমর্থন করতে রাজি হয়েছে স্পেন। তিনি বলেন, "ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছিলেন। আমার মনে হয়, আমার মনে হয়, তারা তা শুনেছে। স্পেন মার্কিন সেনাবাহিনীকে সহযোগিতা করতে রাজি হয়েছে।"
তবে মার্কিন প্রেস সচিবের এই দাবি খারিজ করে দিয়েছে স্পেনের বিদেশমন্ত্রী। তিনি একটি রেডিও বার্তায় বলেছেন, "মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইরানে হামলা এবং স্পেনের ঘাঁটি ব্যবহার নিয়ে আমাদের সরকারের অবস্থান এক বিন্দুও পরিবর্তিত হয়নি। ইরান যুদ্ধে স্পেন জড়াবে না। কোনও প্রশ্নই ওঠে না।"
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। কারণ, স্পেন সাফ জানিয়ে দিয়েছিল যে তারা আমেরিকাকে তাদের সেনাঘাঁটি যুদ্ধের জন্য ব্যবহার করতে দেবে না।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। কারণ, স্পেন সাফ জানিয়ে দিয়েছিল যে তারা আমেরিকাকে তাদের সেনাঘাঁটি যুদ্ধের জন্য ব্যবহার করতে দেবে না। এই পরিস্থিতিতে এখনও এটা স্পষ্ট নয় যে কীভাবে ট্রাম্পের দেশ স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করবে। স্পেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য। আর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সদস্য ২৭টি দেশের বাণিজ্যিক সম্পর্কের উপর এই জোটই নজর রাখে। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ। অবশ্য আগেও জানিয়েছিলেন যে, ইরানের উপর হামলা মধ্যপ্রাচ্যে বড় সামরিক সংকট তৈরি করতে পারে। ঠিক যেমনটা এর আগে হয়েছিল যখন আমেরিকা ইরাক এবং আফগানিস্তানে সামরিক অভিযান চালিয়েছিল। স্যাঞ্চেজ জানিয়েছেন, ‘‘সংক্ষেপে বলতে গেলে বর্তমান পরিস্থিতিতে স্পেন সরকারের অবস্থান চার শব্দে ব্যাখ্যা করতে পারি। যুদ্ধে আমাদের মত নেই।’’
প্রসঙ্গত, মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প স্পেনের তুমুল সমালোচনা করেছিলেন। বলেছিলেন, "ইরানে হামলা চালিয়ে যেতে দক্ষিণ স্পেনের যৌথ সামরিক ঘাঁটিসমূহ ব্যবহারের অনুমতি না দিয়ে দেশটি ভয়াবহ আচরণ করেছে।" তার পরই তিনি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধের নির্দেশ দেন। এর জবাবে স্যাঞ্চেজ বলেন, ‘‘একটি অবৈধ কাজের উত্তর আরেকটি অবৈধ কাজ দিয়ে দেওয়া যায় না। এইভাবেই মানবতার বিপর্যয়ের সূচনা হয়।’’
