প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নরওয়ে সফরে প্রশ্ন উঠেছে ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক চলছে। এই পরিস্থিতিতে এবার মোদিকে সাপুড়ে বানিয়ে কার্টুন প্রকাশ করল নরওয়ের একটি প্রথম সারির সংবাদপত্র। যা বিতর্কের আগুন নতুন করে ঘি ঢেলেছে।
'আফটেনপোস্টেন' নামক ওই সংবাদপত্রে প্রকাশিত কার্টুনটিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর হাতে রয়েছে সাপের খেলা দেখানোর একটি বাঁশি এবং সামনে রয়েছে পেট্রল পাম্পের পাইপের মতো দেখতে একটি ‘সাপ’, যা নাচছে। একটি মতামত প্রবন্ধের জন্য কার্টুনটি বানানো হয়েছে, যার শিরোনাম ‘একজন চালাক এবং ঈষৎ বিরক্তিকর মানুষ’।
নরওয়ের সংবাদপত্রে প্রকাশিত বিতর্কিত সেই কার্টুন।
কার্টুনটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে নেটিজেনদের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে ‘নির্লজ্জ বর্ণবাদী এবং ঔপনিবেশিক ধারণা’ হিসাবে বর্ণনা করেছেন। অনেকে বলছেন, “ভারত এবং ভারতের প্রধানমন্ত্রীকে ইচ্ছাকৃতভাবে অসম্মান করা হয়েছে।” এক নেটিজেন লিখেছেন, ‘মোদি একসময় বলেছিলেন, ভারতকে সাপুড়েদের দেশ বলে মনে করে গোটা বিশ্ব। আর এখন প্রধানমন্ত্রীর নরওয়ে সফরে তাঁকে সাপুড়ে বানিয়ে দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, সোমবার নরওয়ে পা রাখেন মোদি। সেখানে ভারতের সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন ছুড়ে দেন এক সাংবাদিক। যদিও সেই প্রশ্নের জবাব দেননি প্রধানমন্ত্রী। পরে সাংবাদিক সম্মেলন করেন বিদেশমন্ত্রকের বিশেষ সচিব সিবি জর্জ। তিনি জানান, অপ্রাসঙ্গিক কিছু এনজিওর তথ্যে ভিত্তিতে এহেন প্রশ্ন করছেন বিদেশি সাংবাদিকরা। এর আগে মোদির নেদারল্যান্ডস সফরেও একই রকম প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তিনি।
