shono
Advertisement
Donald Trump

'শাহবাজ বলেছিলেন আমি না থাকলে সাড়ে তিন কোটি মানুষ মারা যেত', ফের ভারত-পাক যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্টের দাবি, তিনি না থাকলে পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়ত দুই প্রতিবেশী দেশ। ট্রাম্প এই নিয়ে অন্তত ৫০ বার এই দাবি করলেন।
Published By: Biswadip DeyPosted: 09:46 AM Feb 25, 2026Updated: 01:01 PM Feb 25, 2026

ফের ভারত-পাক সংঘর্ষ থামানোর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। গত বছর জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর সীমান্তে সংঘর্ষে জড়িয়েছিল ভারত এবং পাকিস্তান। ভারতীয় সেনার অপারেশন সিঁদুর অভিযান এবং পরে সীমান্তে দুই দেশের সেনার মধ্যে দিন দুয়েকের সংক্ষিপ্ত টানাপড়েনও চলে। পরে দুই দেশই সংঘর্ষবিরতিতে রাজি হয়। তখন থেকেই ট্রাম্প দাবি করতে থাকতেন, তাঁর কারণেই এই সংঘর্ষবিরতি সম্ভব হয়। সেই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট অন্তত ৫০ বার এই দাবি করেছেন। এবার ফের সেই একই কথা শোনা গেল তাঁর মুখে। প্রবীণ রিপাবলিকান নেতার দাবি, তিনি না থাকলে পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়ত দুই প্রতিবেশী দেশ!

Advertisement

মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় ট্রাম্পকে বলতে শোনা যায়, ''আমার প্রথম দশ মাসে (ক্ষমতায় প্রত্যাবর্তনের) আমি আটটা যুদ্ধ থামিয়েছি। পাকিস্তান ও ভারত তো পরমাণু যুদ্ধেই জড়িয়ে পড়ত। পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন আমি না থাকলে সাড়ে তিন কোটি মানুষ মারা যেত।''

ঘটনাচক্রে, ট্রাম্পের সংঘর্ষবিরতি-দাবি অস্বীকার করার পর থেকেই ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতি শুরু হতে দেখা যায়। অনুমান, তার প্রভাব পড়েছে নয়াদিল্লি-ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যচুক্তিতেও। প্রসঙ্গত, ট্রাম্পের দাবির প্রেক্ষিতে ভারতের বক্তব্য, নয়াদিল্লি এবং ইসলামাবাদ নিজেরা সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় কোনও ব্যক্তি বা দেশের কথায় তা হয়নি। গত ১০ মে পাকিস্তানই ডিজিএমও চ্যালেনের মাধ্যমে সংঘর্ষবিরতির আর্জি জানিয়েছিল। ভারত তাতে রাজি হয়। কিন্তু ট্রাম্প নিজের কাঁধে কৃতিত্বের ব্যাটন তুলে নিতে মরিয়া হয়ে বারবার একই দাবি করে গিয়েছেন। গত ডিসেম্বরে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে অভিমানী সুরে ট্রাম্প বলে বসেন, ''আমি কি ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর একটুও কৃতিত্ব পেয়েছি? না।'' এরই পাশাপাশি ইজরায়েল-হামাস, ইজিপ্ট-ইথিওপিয়া, সার্বিয়া-কোসোভো, রাওয়ান্ডা-কঙ্গো, আর্মেনিয়া-আজারবাইজান, কম্বোডিয়া-থাইল্যান্ডের যুদ্ধও থামানোর দাবি বারবার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন ফের যুদ্ধ থামানোর দাবি করতে দেখা গেল তাঁকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement