shono
Advertisement
India-Pakistan

বিশ্বজুড়ে সন্ত্রাস রপ্তানি করে, ওদের প্রতি নরম হলেই বিপদ, পাকিস্তানকে ধুয়ে দিলেন ট্রাম্পের সঙ্গী

গোটা বিশ্বে অধিকাংশ নাশকতার ঘটনার পিছনে পাকিস্তান রয়েছে, প্রমাণ মিলেছে, দাবি ট্রাম্পের রাজনৈতিক সঙ্গী লরা লুমারের।
Published By: Kishore GhoshPosted: 02:48 PM Mar 14, 2026Updated: 03:05 PM Mar 14, 2026

বিশ্বজুড়ে সন্ত্রাস রপ্তানি করে পাকিস্তান। তারা প্রকাশ্যে জেহাদের প্রচার চালায়। শাহবাজ শরিফ সরকারের প্রতি নরম মনোভাব দেখানো উচিত নয় মার্কিন সরকারের। সেক্ষেত্রে বিপদ বাড়বে। শনিবার সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের বার্ষিক সম্মেলনে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্পের অনুগামী এবং আমেরিকায় দক্ষিণপন্থী রাজনৈতিক কর্মী হিসাবে পরিচিত লরা লুমার।

Advertisement

লরা দাবি করেন, গোটা বিশ্বে বহু নাশকতার ঘটনার পিছনে পাকিস্তান রয়েছে। প্রমাণও মিলেছে। উল্লেখ্য, শেষবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের হয়ে ব্যাপক প্রচার চালান এই লরা। ভারত সফরে নিজের বক্তব্যে মার্কিন রাজনৈতিক কর্মী দাবি করেছেন, ভারত এবং ব্রিটেনে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলাগুলির সঙ্গে পাকিস্তানের চরমপন্থী সংগঠনগুলিই যুক্ত। দিল্লির অনুষ্ঠানে লরা বলেন, "গোটা বিশ্বে পাকিস্তানের সবচেয়ে বড় রপ্তানি হল ইসলামিক সন্ত্রাস। আমি মনে করি, পাকিস্তান সরকারের প্রতি আদৌ সহানুভূতিশীল হওয়া উচিত নয় আমেরিকার।"

ট্রাম্পের রাজনৈতিক সঙ্গী আরও বলেন, "পাকিস্তান প্রকাশ্যে জিহাদি এবং শরিয়াপন্থী রাষ্ট্র হিসেবে কাজ করে। আপনি যদি বিশ্বজুড়ে ইসলামপন্থী সন্ত্রাসী হামলাগুলির দিকে তাকান, তখন দেখবেন অধিকাংশের সঙ্গে পাকিস্তানের সংযোগ রয়েছে।" গত সপ্তাহে ট্রাম্পের উপর হামলায় দোষী সাব্যস্ত হয়েছেন পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্ট। নিজের ভাষণে সেই ঘটনাও উল্লেখ করেন লরা।

প্রসঙ্গত, আসিফ মার্চেন্টের বিরুদ্ধে অভিযোগ, তিনি ইরানের নির্দেশে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করতে মার্কিন মুলুকে লোক নিয়োগ করছিলেন। ২০২০ সালে ট্রাম্পের প্রথমবার রাষ্ট্রপতিত্বের সময় ইরান সেনার কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এই ষড়যন্ত্র করা হয়েছিল বলে অভিযোগ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement