পাকিস্তানে দুর্গম পাহাড়ে অভিযানে গিয়ে নিখোঁজ বিশ্ববিখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পুরজা (Nirmal Purja)-সহ ১০ জন। ব্রড পর্বতশৃঙ্গে ভয়ংকর তুষারধসের পরেই খোঁজ মিলছে না ওই পর্বতারোহীদের। খারাপ আবহাওয়ার মধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। এখনও পর্যন্ত চারজনের দেহ উদ্ধার হয়েছে।
পাকিস্তানের আলপাইন ক্লাব জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরেই স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করা হয়। হেলিকপ্টার এবং অন্যান্য উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হচ্ছে। যদিও এর মধ্যে মৃত দুই পর্বতারোহীর পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন ওমানের নাধিরা আল হার্থি এবং নেপালের পুর বাহাদুর গুরুং যুক্তা।
১০ জন পর্বতারোহীর মধ্যে অন্যতম হলেন নির্মল পুরজা। গোটা বিশ্ব যাকে ‘নিমসদাই’ নামে চেনে। তিনি ব্রিটিশ-নেপালি এক পর্বতারোহী। ২০১৯ সালে মাত্র ৬ মাস ৬ দিনে বিশ্বের ৮,০০০ মিটারের বেশি উচ্চতার ১৪টি শৃঙ্গ জয়ের নজির গড়েছিলেন তিনি। তাঁর এই কীর্তি আন্তর্জাতিক স্তরে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। এই অভিযানের উপর ভিত্তি করেই তৈরি হয় নেটফ্লিক্সের জনপ্রিয় তথ্যচিত্র 'ফোর্টিন পিকস: নাথিং ইস ইমপসিবল'। নির্মলের নিখোঁজ সংবাদ সামনে আসতেই শোকের ছায়া নেমেছে পর্বতারোহী মহলে। যদিও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখনই নিরাশ হতে রাজি নন উদ্ধারকারী দলের সদস্যরা।
