shono
Advertisement
Taliban

'স্বপ্নই দেখুন, বাগরাম পাবেন না', ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি তালিবানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য ফের 'কাবুলিওয়ালার দেশে'র বাগরাম বিমান ঘাঁটি দখল করা। এমনই ইচ্ছের কথা জানিয়েছিলেন ট্রাম্প। এবার তাঁকে খোঁচা দিল তালিবান।
Published By: Biswadip DeyPosted: 05:35 PM Jul 07, 2026Updated: 05:36 PM Jul 07, 2026

আফগানিস্তান থেকে মার্কিন সেনার প্রত্যাবর্তনের পর কেটে গিয়েছে প্রায় পাঁচ বছর। এহেন সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য ফের 'কাবুলিওয়ালার দেশে'র বাগরাম বিমান ঘাঁটি দখল করা। গত বছর এমনই ইচ্ছের কথা জানিয়েছিলেন ট্রাম্প। এবার তাঁকে খোঁচা দিল তালিবান।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তালিবানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মুহাজির ফারাহি বলেন, ''ট্রাম্প বাগরাম বিমান ঘাঁটি দখল করতেই পারেন, তবে স্বপ্নে।'' উল্লেখ্য, একদা সোভিয়েতের দখলে ছিল কাবুলের উত্তরে অবস্থিত এই বিমানঘাঁটি। ৯/১১-র পর আফগানভূমে মার্কিন হামলার পরে তা আমেরিকার দখলে চলে যায়। ২০২১ সালের আগস্টে তারা সেদেশ ছেড়ে চলে যেতেই তা চলে যায় তালিবানের দখলে। যদিও ট্রাম্পের দাবি, চিনকে নাকাল করতে ওই বিমান ঘাঁটি ফের দখলে নেওয়া উচিত আমেরিকার। এবং তাঁরা সেই চেষ্টা করে চলেছেন। তাঁকে বলতে শোনা যায়, ''আমরা চেষ্টা করছি ওটা ফেরত পেতে। আমরা ওটা ফেরত চাই।'' এমনকী সদ্য প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে ট্রাম্প এও বলেন, বাগরাম থেকে সেনা সরিয়ে নেওয়া বাইডেন সরকারের বড় ভুলগুলির একটি। মনে করিয়ে দেন, চিনের পরমাণু ঘাঁটি থেকে ঘণ্টাখানেকের দূরত্বে থাকা ওই ঘাঁটি দখলে থাকলে বেজিংয়ের উপরে চাপ বাড়ানো যাবে। এবার তালিবানের তরফে কার্যত হুঁশিয়ারি দেওয়া হল ট্রাম্পকে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকেই রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। পাকিস্তানের অভিযোগ, টিটিপি-সহ একাধিক জঙ্গিগোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে আফগানিস্তান। তাদের নিকেশ করতেই দফায় দফায় এয়ারস্ট্রাইক চালানো হয় আফগানিস্তানে। লাগাতার পাকিস্তানি হামলার পালটা দিতে গত ২৬ ফেব্রুয়ারি রাতে পাক সীমান্ত পেরিয়ে আক্রমণ করে আফগান ফৌজ। এই সংঘাতে পাকিস্তানের পাশে দাঁড়ানোর কথা বলে তালিবানের চক্ষুশূল হয়েছেন ট্রাম্প। এবার তাঁকে মনে করিয়ে দেওয়া হল, আফগান বিমান ঘাঁটি দখল তাঁর কাছে স্বপ্নই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement