shono
Advertisement
Iran-America War

কুয়েতে ভেঙে পড়ল এফ-১৫ যুদ্ধবিমান, 'আহত' ইরানের মারে রক্তাক্ত আমেরিকা!

মার্কিন যুদ্ধবিমান ভেঙে পড়ার সেই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু করেছে সোশাল মিডিয়ায়।
Published By: Amit Kumar DasPosted: 01:09 PM Mar 02, 2026Updated: 02:11 PM Mar 02, 2026

ইরানের মারে এবার রক্তাক্ত আমেরিকা! তেহরানে হামলা চালাতে গিয়ে কুয়েতের মাটিতে আছড়ে পড়ল অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-১৫। অনুমান করা হচ্ছে, ইরানের হামলার জেরেই আছড়ে ভেঙে পড়ে বিমানটি। যদিও শেষ মুহূর্তে বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানা যাচ্ছে। মার্কিন যুদ্ধবিমান ভেঙে পড়ার সেই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু করেছে সোশাল মিডিয়ায় (ভিডিওর সত্যতা যাচাই করেছে সংবাদ প্রতিদিন ডিজিটাল)।

Advertisement

আমেরিকার যুদ্ধবিমান ভেঙে পড়ার একটি ভিডিও সোশাল মিডিয়ায় প্রকাশ করেছে ইরানের সংবাদমাধ্যম 'প্রেস টিভি'। যেখানে দেখা যাচ্ছে, মাঝ আকাশে বিস্ফোরণ ঘটেছে ওই মার্কিন যুদ্ধবিমানে। এরপর আকাশে প্রায় ৩০ সেকেন্ড ধরে চক্কর খেতে খেতে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। এই সময়ে দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসেন পাইলট। দুর্ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও পক্ষই এখনও পর্যন্ত বিবৃতি জারি করেনি। তবে অনুমান করা হচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন হামলার জেরেই ক্ষতিগ্রস্ত হয় বিমানটি। অন্যদিকে আর একটি পক্ষের দাবি, ভুলবশত নিজেদের বিমানেই হামলা চালিয়েছে মিত্রপক্ষ যার জেরে এই দুর্ঘটনা।

উল্লেখ্য, গত শনিবার ইরানের (Iran) মাটিতে যৌথ হামলা চালিয়েছে আমেরিকা (America) ও ইজরায়েল (Israel)। কার্যত তছনছ হয়ে গিয়েছে তেহরান-সহ ইরানের একাধিক অঞ্চল। হামলায় মৃত্যু হয়েছে খামেনেইয়ের। পালটা জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সেনাঘাঁটি ও ইজরায়েলে হামলা চালায় ইরান সেনা। কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরশাহীর উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। সেইমতো রবিবার হামলা চলে আমেরিকার বিমানবাহী রণতরী আক্রাহাম লিঙ্কনের উপর।

ভিডিওতে দেখা যাচ্ছে, মাঝ আকাশে বিস্ফোরণ ঘটেছে ওই মার্কিন যুদ্ধবিমানে। এরপর আকাশে প্রায় ৩০ সেকেন্ড ধরে চক্কর খেতে খেতে মাটিতে আছড়ে পড়ে বিমানটি।

আমেরিকার রণতরীতে হামলা চালানোর দাবি করে রবিবার এক বিবৃতিও পেশ করেছিল ইরান রিভলিউশনারি গার্ড। যেখানে বলা হয়েছে, “আমরা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনে ৪ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছি।” পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, মাটি, সমুদ্র এবং আকাশ সর্বত্র সন্ত্রাসী হামলাকারীদের কবর খোঁড়া হবে। তবে ইরানের তরফে হামলার দাবি করা হলেও, আমেরিকা এ বিষয়ে এখনও কোনও শব্দ খরচ করেনি। এই হামলায় ক্ষয়ক্ষতির বিষয়েও এখনও বিশদে কিছু জানা যায়নি। এবার জানা গেল যুদ্ধের জেরে ভেঙে পড়েছে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement