shono
Advertisement
Iran war

ইরান যুদ্ধে ট্রাম্পের উপরে খাপ্পা রিপাবলিকানরাও! লড়াই থামাতে মার্কিন সেনেটে পাশ বিল

তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই বিলে ডেমোক্র্যাটিক পার্টির পাশাপাশি ভোট দিয়েছেন ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির সদস্যরা।
Published By: Amit Kumar DasPosted: 09:14 AM Jun 24, 2026Updated: 09:50 AM Jun 24, 2026

ইরান যুদ্ধে এবার নিজের ঘরেই বিদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের হাত থেকে অস্ত্র কেড়ে নিতে একটি বিল পাশ করেছে মার্কিন সেনেট। যেখানে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব পাশ হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই বিলে ডেমোক্র্যাটিক পার্টির পাশাপাশি ভোট দিয়েছেন ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির সদস্যরা।

Advertisement

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে আমেরিকা। আপাতত অস্ত্রের ঝনঝনানি থামলেও উত্তেজনা এতটুকু কমেনি। শুরু থেকেই এই যুদ্ধের বিরুদ্ধে ডেমোক্র্যাটরা। বিলটি হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হয়েছিল চলতি মাসের শুরুতেই। এরপর মঙ্গলবার ৫০-৪৮ ভোটে পাশ হয়ে যায় বিলটি। বলার অপেক্ষা রাখে না এই ঘটনা ট্রাম্পের জন্য এক বড় ধাক্কা। পাশাপাশি মার্কিন ইতিহাসে এই প্রথমবার যুদ্ধসংক্রান্ত কোনও প্রস্তাব কংগ্রেসের উভয় কক্ষে সফলভাবে পাশ হল। তবে প্রস্তাব পাশ হলেও তা কার্যকর হওয়ার সম্ভাবনা কম। কারণ, এই প্রস্তাবে ভেটো দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্পের রয়েছে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রস্তাব একটা বিষয় স্পষ্ট করে দিল যে ট্রাম্পের সমর্থনে চিড় ধরেছে।

ট্রাম্পের কটাক্ষ, 'এই সেনেটররা আমার কাজকে আরও কঠিন করে তুলেছেন। কিন্তু আমি যেভাবেই হোক এটা সম্পন্ন করব। কারণ আমি আমার কাজ ফেলে রাখি না।'

দলের বাইরে গিয়ে এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন চার রিপাবলিকান সদস্য। এঁরা হলেন লুইসিয়ানার বিল কাসিডি, আলাস্কার লিসা, মেইনের সুসান কলিন্স এবং কেনটাকির র‍্যান্ড পল। যুদ্ধের তীব্র বিরোধিতা করে ডেমোক্র্যাটের তরফে বলা হয়েছে, ট্রাম্পের ঐতিহাসিক ভুলের মূল্য আমেরিকার জনগণকে চোকাতে হচ্ছে। এই যুদ্ধ মার্কিন ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট পদক্ষেপ। এদিকে রয়টর্সের তরফে এক সমীক্ষা রিপোর্ট সামনে আনা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, গোটা দেশের মাত্র ২৪ শতাংশ মানুষ এই যুদ্ধের সমর্থনে। বাকিরা এই যুদ্ধকে অযৌক্তিক বলে মনে করেন।

এদিকে যুদ্ধবিরোধী বিল পাশের ঘটনায় তেলে বেগুনে জ্বলে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, সেনেটের এই পদক্ষেপকে অর্থহীন বলে কটাক্ষ করে তাঁর তোপ, আমি ইরানকে কোণঠাসা করে ফেলেছি ওদের পতন নিশ্চিত। ওরা এখন আমাদের প্রায় সবকিছু দিতে রাজি। সেই সময় এই বিল অযৌক্তিক বলে দাবি করেন তিনি। পাশাপাশি যে ৪ রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছেন তাঁদের 'পরাজিত রিপাবলিকান' কটাক্ষ করে লেখেন, 'এই সেনেটররা আমার কাজকে আরও কঠিন করে তুলেছেন, কিন্তু আমি যেভাবেই হোক এটা সম্পন্ন করব। কারণ আমি আমার কাজ ফেলে রাখি না।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement