shono
Advertisement

Breaking News

Donald Trump

'আশ্চর্য সব তথ্য পেয়েছি', শীঘ্রই ভিনগ্রহী সংক্রান্ত গোপন নথি প্রকাশের বার্তা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্টের বার্তায় স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। কী রয়েছে আমেরিকার গোপন ফাইলে তা জানতে উৎসুক আমেরিকা-সহ গোটা বিশ্ব।
Published By: Amit Kumar DasPosted: 08:19 PM Apr 18, 2026Updated: 08:19 PM Apr 18, 2026

ফের ভিনগ্রহী ও অজ্ঞাত আকাশযান নিয়ে জল্পনা উসকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, 'অনেক আশ্চর্য তথ্য পেয়েছি আমরা। খুব শীঘ্রই প্রকাশ করা হবে সেই সব তথ্য।' মার্কিন প্রেসিডেন্টের এহেন বার্তায় স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। কী রয়েছে আমেরিকার গোপন ফাইলে তা জানতে উৎসুক আমেরিকা-সহ গোটা বিশ্ব।

Advertisement

ইরান যুদ্ধের জেরে গোটা বিশ্ব যখন জ্বালানি সংকটে ধুঁকছে। ঠিক সেই সময় যুদ্ধকে পাশ কাটিয়ে ভিনগ্রহী বিষয়ে এক বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। যেখানে তিনি লেখেন, 'মার্কিন যুদ্ধসচিব এবং সংশ্লিষ্ট একাধিক বিভাগ ও সংস্থার কাছে ভিনগ্রহী ও মহাজাগতিক জীবন, আকাশে অস্বাভাবিক ঘটনা (UAP), অজ্ঞাত আকাশযান (UFO) সম্পর্কিত যাবতীয় নথি ও তথ্য একত্রিত করা হোক। আমেরিকার জনগণের প্রবল আগ্রহকে মান্যতা দিয়ে আমি শীঘ্রই এই সব তথ্য শনাক্ত ও প্রকাশ করার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেব। ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন।'

'আমেরিকার জনগণের প্রবল আগ্রহকে মান্যতা দিয়ে আমি শীঘ্রই এই সব তথ্য শনাক্ত ও প্রকাশ করার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেব', বার্তা ট্রাম্পের।

উল্লেখ্য, ভিনগ্রহীদের অস্তিত্ব সংক্রান্ত তথ্য গোপন করে রাখা হয়েছে বলে বারবার অভিযোগ উঠেছে আমেরিকার বিরুদ্ধে। সেই জল্পনার মাঝেই গত ফেব্রুয়ারি মাসে এক সাক্ষাৎকারে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, “আমি কখনও কোনও ভিনগ্রহী দেখিনি। তবে বিশ্বাস করি ওরা আছে।” পাশাপাশি বিতর্কের কেন্দ্রে থাকা আমেরিকার এরিয়া-৫১ অঞ্চল প্রসঙ্গে বলেন, “এরিয়া-৫১ কোনও ভিনগ্রহীকে লুকিয়ে রাখা হয়নি। এবং এখানে কোনও গোপন সামরিক ঘাঁটিও নেই বলেই জানি। তবে হ্যাঁ এটা সত্যি হতে পারে তখনই, যদি কেউ বা কারা বিরাট কোনও গোপন ষড়যন্ত্র করে থাকে এবং সেই ষড়যন্ত্র খোদ মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকেও লুকিয়ে রাখা হয় তবেই।”

ওবামার এহেন দাবি গোটা বিশ্বে শোরগোল ফেলে দেয়। এই ইস্যুতে ওবামাকে একহাত নিয়ে ট্রাম্প (Donald Trump ) বলেছিলেনন, “গোপন তথ্য ফাঁস করে উনি মস্ত বড় ভুল করলেন। ওঁর থেকে এমনটা কাম্য ছিল না। আমি জানি না ওরা (ভিনগ্রহী) সত্যিই আছে কি নেই। তবে এটা বলতে পারি গোপন তথ্য ফাঁস করা হয়েছে। অনেকে এগুলো বিশ্বাস করে ঠিকই, তবে আমি এই নিয়ে কোনও কথা বলি না।” এর পরই ভিনগ্রহী ও ভিনগ্রহীদের যান (ইউএফও) সংক্রান্ত গোপন নথি প্রকাশ করার নির্দেশ দিয়ে সোশাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প লিখেছিলেন, ‘এই বিষয়টি নিয়ে গোটা দেশে যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে, তা মাথায় রেখে প্রতিরক্ষা ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগকে আমার নির্দেশ ভিনগ্রহী ও ভিনগ্রহীদের যান নিয়ে যা গোপন নথি রয়েছে, তা শনাক্ত করে প্রকাশ করা হোক।’ এবার সেই প্রক্রিয়ায় গতি আনার বার্তা দিলেন ট্রাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement