ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে চিন-পাকিস্তান। গুরুতর এই পরিস্থিতিতে পারমাণবিক কার্যকলাপ অনেকখানি বাড়িয়েছে ভারত। সাম্প্রতিক কিছু বছরে ভারতের হাতে পরমাণু অস্ত্র ছিল ১৮০টি। কিন্তু মাত্র ২ বছরে সেটা বেড়ে দাঁড়িয়েছে ১৯০। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশ্যে এনেছে পরমাণু নজরদারি সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট।
কিন্তু পরমাণু অস্ত্রের নিরিখে সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি? সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী, এই মুহূর্তে সবচেয়ে বেশি সংখ্যক পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে। সংখ্যাটা ৫৪২০। এরপর রয়েছে আমেরিকা। তাদের অস্ত্রভাণ্ডারে রয়েছে ৫০৪২টি পরমাণু অস্ত্র। ফ্রান্সের ৩৭০টি, ব্রিটেনের ২২৫টি, চিনের ৬২০টি, পাকিস্তানের ১৭০টি, ইজরায়েলের ৯০টি এবং উত্তর কোরিয়ার অস্ত্রভাণ্ডারে রয়েছে ৬০টি পরমাণু অস্ত্র।
বর্তমানে ভূমি-জল-আকাশ তিন ক্ষেত্রেই পরমাণু শক্তিধর ভারত। এবং পরমাণু শক্তি ব্যবহারের জন্য ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতেও জোয়ার এসেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, এমআইআরভি প্রযুক্তি। দেশের সামরিক আধুনিকীকরণের পথে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য। যা একটি ক্ষেপণাস্ত্রে একাধিক ওয়ারহেড ব্যবহারের প্রযুক্তি। এবং প্রতিটি ওয়ারহেড নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাশাপাশি ভারতের হাতে রয়েছে অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্র, বিশেষ করে অগ্নি-৫ এবং অগ্নি-পি, এছাড়াও একাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে সাফল্য অর্জন করেছে দেশ। তবে ভারত নিজের পরমাণু শক্তি বাড়ালেও দেশের পরমাণু নীতি একেবারে স্পষ্ট, ভারত তার পরমাণু অস্ত্র প্রথম ব্যবহার করবে না।
