দিল্লি দাঙ্গায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে প্রায় বছর ছয়েক ধরে জেলবন্দি জেএনইউ-র প্রাক্তনী তথা সমাজকর্মী উমর খালিদ। বারবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে, বিচারপ্রক্রিয়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। এসব নিয়ে আগেও খালিদের এই পরিস্থিতিকে সমর্থন জানিয়ে চিঠি লিখেছিলেন নিউ ইয়র্কের ডেমোক্র্যাট মেয়র জোহরান মামদানি। এবার তিনি উমর খালিদের সঙ্গে তুলনা করলেন বর্ণবিদ্বেষী আন্দোলনের মহান নেতা নেলসন ম্যান্ডেলার! 'সাজানো সন্ত্রাসে'র অভিযোগ চাপিয়ে ম্যান্ডেলাকে দীর্ঘ কারাবন্দি করে রাখা হয়েছিল। উমর খালিদও একই সাজা পাচ্ছেন বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন মামদানি।
মামদানির কথায়, ‘‘সাধারণ মানুষের জন্য ম্যাডিবা জীবনভর যে সংগ্রাম করেছেন, তার জন্য তিনি একজন মানুষ থেকে মসিহা - সকলের উর্ধ্বে। ঠিক যেমনটা এখন ঘটছে ভারতের উমর খালিদের সঙ্গে। দিল্লি দাঙ্গায় তাঁকে বিনা বিচারে ৬ বছর ধরে জেলবন্দি করে রাখা হয়েছে। সাজানো সন্ত্রাসের অভিযোগ রাজনৈতিক বন্দি করা হয়েছে। আমাদের অবশ্যই এমন মানুষদের পাশে দাঁড়ানো উচিত।''
গত ১৫ জুলাই ম্যান্ডেলা ফাউন্ডেশনের উদ্যোগে নিউ ইয়র্কের টাউন হলে শুরু হয়েছে নেলসন ম্যান্ডেলা গ্লোবাল লিডারশিপ ফোরাম। সেখানে উদ্বোধনী ভাষণ দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। সেখানে 'ম্যাডিবা' তথা ম্যান্ডেলার অবদানের কথা স্মরণ করতে গিয়ে অপ্রাসঙ্গিকভাবেই তুলে আনেন উমর খালিদের প্রসঙ্গ। মামদানির কথায়, ‘‘সাধারণ মানুষের জন্য ম্যাডিবা জীবনভর যে সংগ্রাম করেছেন, তার জন্য তিনি একজন মানুষ থেকে মসিহা - সকলের উর্ধ্বে। ঠিক যেমনটা এখন ঘটছে ভারতের উমর খালিদের সঙ্গে। দিল্লি দাঙ্গায় তাঁকে বিনা বিচারে ৬ বছর ধরে জেলবন্দি করে রাখা হয়েছে। সাজানো সন্ত্রাসের অভিযোগ রাজনৈতিক বন্দি করা হয়েছে। আমাদের অবশ্যই এমন মানুষদের পাশে দাঁড়ানো উচিত।''
শুধু উমর খালিদ প্রসঙ্গ নয়, এদিনে ভাষণে মামদানির মুখে শোনা গেল প্যালেস্টাইন প্রসঙ্গ। দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষ আান্দোলনের ইতিহাস বর্ণনা করে মামদানি প্রশ্ন তোলেন, ‘‘আর কতদিন আমরা দেখব, হাজার হাজার মা-বাবা সন্তানদের কবরে সমাধি দিতে? যুদ্ধে আরও কারও অঙ্গহানি, ঘরহারা হওয়ার আগে প্যালেস্টাইনকে স্বাধীন করার জন্য আমাদের এক হতে হবে। ওদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।'' নিউ ইয়র্কের মেয়র মামদানির সঙ্গে ভারতের নাড়ির যোগ। তাঁর মা মীরা নায়ার ভারতীয়, নামী চলচ্চিত্র পরিচালক। তাই ভারতের প্রতি মামদানির আবেগ বরাবরের। সেই সূত্রেই হয়ত তিনি উমর খালিদের প্রতি সমব্যথী। তবে তাঁর সঙ্গে নেলসন ম্যান্ডেলার মতো মহীরূহের তুলনা করাটা নিঃসন্দেহে বিতর্কের।
