shono
Advertisement
Tarique Rahman

ব্রিকসে আসছেন না তারেক! তবে দিল্লি সফর এড়াতে পারবেন খালেদাপুত্র? নজরে ‘গঙ্গা জলবণ্টন’

BRICS Summit: ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ প্রায় শেষের মুখে। ফলে সেই চুক্তি দ্রুত নবীকরণ করতে আগ্রহী বাংলাদেশ। এদিকে গঙ্গার জলবণ্টন নিয়ে সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর সাফ জানিয়ে দিয়েছেন, চুক্তি নবীকরণের ক্ষেত্রে ভারত তার নিজের স্বার্থও খতিয়ে দেখবে। এ প্রসঙ্গে তাঁর মুখে শোনা গিয়েছে, বিহারের প্রসঙ্গও। 
Published By: Subhodeep MullickPosted: 02:37 PM Sep 10, 2026Updated: 06:09 PM Sep 10, 2026

ব্রিকস সম্মেলনে ভারতে আসছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার এমনটাই দাবি করেছে একটি কূটনৈতিক সূত্র। ব্রিকসের ‘আউটরিচ সেশন’-এ যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল নরেন্দ্র মোদির সরকার। কিন্তু তারপর থেকে তারেকের ভারতে আসা নিয়ে জল্পনা চলছিল। তবে কূটনৈতিক সূত্রের দাবি, দিল্লি সফরে আগ্রহী তারেক। আগামী ডিসেম্বরেই ভারতে আসতে পারেন তিনি। কিন্তু ভারত সফরের পর কী কী প্রাপ্তি হল, তা দেশে ফিরে জনগণের সামনে কীভাবে তুলে ধরবেন, তা নিয়ে তিনি কিছুটা চিন্তিত তারেক।

Advertisement

ব্রিকসে (BRICS Summit) কেন যোগ দিচ্ছেন না তারেক (Tarique Rahman)? এ প্রসঙ্গে ঢাকা আনুষ্ঠানিকভাবে এখনও মুখ খোলেনি। তবে বাংলাদেশ সরকারের এক কর্তা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ জটকেই দায়ী করেছেন। কিন্তু ব্রিকসের মঞ্চ এড়িয়ে গেলেও ভারত থেকে কি দূরে থাকতে পারবেন খালেদা জিয়ার পুত্র? দিল্লি সফর এড়াতে পারবেন? কারণ, হাজারো ভারত-বিরোধিতার হাওয়ার মধ্য়েও বিভিন্ন বিষয়ে সেই দিল্লির উপরই নির্ভরশীল ঢাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গঙ্গার জলবণ্টন।

১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ প্রায় শেষের মুখে। ফলে সেই চুক্তি দ্রুত নবীকরণ করতে আগ্রহী বাংলাদেশ। এদিকে গঙ্গার জলবণ্টন নিয়ে সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর কার্যত স্পষ্ট করে দিয়েছেন, চুক্তি নবীকরণের ক্ষেত্রে ভারত তার নিজের স্বার্থও খতিয়ে দেখবে। এ প্রসঙ্গে তাঁর মুখে শোনা গিয়েছে, বিহারের প্রসঙ্গও।  অন্যদিকে, দীর্ঘদিন ধরে আলোচনা চললেও তিস্তা জলবণ্টন নিয়েও কোনও সমঝোতায় আসতে পারেনি দু'দেশ। তিস্তা নিয়েও ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী ঢাকা। এখানেই বাংলাদেশের জন্য তৈরি হয়েছে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। তবে শুধু জল নয়, গ্যাস, ওষুধ-সহ বিভিন্ন ক্ষেত্রে সেই দিল্লির ভরসাতেই থাকতে হয় ঢাকাকে। 

হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে বইছে ভারত-বিরোধিতার হাওয়া। ঢাকার মসনদে খালেদাপুত্র বসার পরও সেই ছবি বদলায়নি। উপরন্তু,  চিন-পাকিস্তানের সঙ্গেও সখ্যতা বাড়িয়েছেন তারেক। কিন্তু এসবের পরেও বাস্তব ছবিটা একেবারেই ভিন্ন। ভৌগোলিক অবস্থান এবং নির্ভরতার কারণে দিল্লিকে পুরোপুরি উপেক্ষা করা বাংলাদেশের পক্ষে সহজ নয় বলেই মত বিশ্লেষকদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement