shono
Advertisement
Raidighi

বেঙ্গালুরুতে ধড়পাকড় শুরু হতেই বাংলায় গা ঢাকা! রায়দিঘি থেকে আটক ১০ বাংলাদেশি, হবে পুশব্যাক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা একই পরিবারের সদস্য। তাঁদের বাড়ি বাংলাদেশের ফিরোজপুরে।
Published By: Jaba SenPosted: 05:01 PM Aug 20, 2026Updated: 05:01 PM Aug 20, 2026

ফের রাজ্যে আটক বাংলাদেশি অনুপ্রবেশকারী। বুধবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাঁদের হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে রায়দিঘি থানার পুলিশ। শীঘ্রই তাঁদের বাংলাদেশে পুশব্যাক করা হবে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা একই পরিবারের সদস্য। তাঁদের বাড়ি বাংলাদেশের ফিরোজপুরে। তাঁরা ৬ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কাজের সন্ধানে চলে যান বেঙ্গালুরুতে। সেখানে ভাঙরির কাজ করতেন তাঁরা। সম্প্রতি সেখানে বাংলাদেশিদের ধরপাকড় শুরু হয়। সেই খবর পেয়ে বেঙ্গালুরু ছেড়ে পালায় ১০ জনের ওই পরিবার।

জানা গিয়েছে, ১০ জনের মধ্যে ২ জন শিশু, ৩ জন মহিলা ও ৫ জন পুরুষ। এক সপ্তাহ আগে তাঁরা বেঙ্গালুরু থেকে পালিয়ে রায়দিঘিতে আসেন। রায়দিঘির নগেন্দ্রপুরে তাঁদের এক আত্মীয়ের বাড়ি রয়েছে। সেখানেই আশ্রয় নেন ১০ জনের ওই বাংলাদেশি পরিবার। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালায় রায়দিঘি থানার পুলিশ। সন্দেহ হওয়ায় আত্মীয়ের বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। 

ওই ১০ জনের কাছে বাংলাদেশের ন্যাশানাল আইডি কার্ড রয়েছে। সব দিক তদন্ত করে নিশ্চিত হওয়ার পরই তাঁদের আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা রায়দিঘি থানার পুলিশের কাছে স্বীকার করেছেন যে, তাঁরা বেঙ্গালুরুতে ভাঙরির কাজ করতেন। সেখানে পুলিশের ধড়পাকড়ে ভয় পেয়ে তাঁরা কোনওরকমে এরাজ্যে পালিয়ে আসেন। এক সপ্তাহ ধরে রায়দিঘির আত্মীয়ের বাড়িতেই লুকিয়ে ছিলেন তাঁরা। তবে শেষ রক্ষা হয়নি। নাগরিকদের শারীরিক পরীক্ষা করে লক্ষ্মীকান্তপুরের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দিষ্ট সময়ে তাঁদের বাংলাদেশে পুশব্যাক করা হবে। পুশব্যাকের প্রক্রিয়া শুরু করেছে রায়দিঘি থানার পুলিশ । 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement