ভরদুপুরে নদিয়ার নাকাশিপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ডাম্পারর ধাক্কায় মৃত যুবক। ঘটনায় গুরুতর আহত এক। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আবু শাহেদ শেখ। তিনি উত্তর বহিরগাছি এলাকার বাসিন্দা। শুক্রবার দুপুরে নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথুয়াডহরি নেতাজি স্ট্যাচু মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন আবু। সেই সময় বহরমপুরগামী একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সিলিন্ডার বোঝাই গাড়িতে। তারপর সেখানেই দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে ধাক্কা মেরে দাঁড়িয়ে থাকা আবু ও আরও এক পথচারীকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে ছিটকে পড়েন দু'জন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে আবু শাহিদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
মৃত আবু শাহিদের এক আত্মীয় ও প্রত্যক্ষদর্শী লুৎফর শেখ বলেন, "জামাইবাবু ও দিদি কৃষ্ণনগরে গিয়েছিলেন। বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসের গাড়িতে ধাক্কা মারে। তারপরই ডাম্পারটি ওদের ধাক্কা মারে। ওরা সরে যাওয়ার সময় পায়নি।জামাইবাবুকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা জানায় তাঁর মৃত্যু হয়েছে।" ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্ঘটনাস্থলটি খুব বিপজ্জনক বলে দাবি স্থানীয়দের। একদিকে স্টেশনে যাওয়ার রাস্তা, অন্যদিকে জাতীয় সড়ক, কিছুটা দূরেই বাসস্ট্যান্ড। সবসময় ভিড় লেগেই থাকে।
