পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে গেল বাংলাদেশি 'অনুপ্রবেশকারী' বন্দি। আদালতে নিয়ে যাওয়ার আগে হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। ফের প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশের ঘেরাটোপ থেকে পালিয়ে যায় ওই বন্দি! নাটকীয় ওই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে। পলাতক ওই বন্দির নাম রবিউল ইসলাম। ভারতে অনুপ্রবেশ করে ঘোরাঘুরির অভিযোগে গত ছ'মাস আগে সে ধরা পড়েছিল। তারপর থেকে আদালতের নির্দেশে ওই যুবক জেলবন্দি। এদিন আদালতে তার শুনানি ছিল।
পুলিশ ও হাসপাতালের অন্যান্য প্রতক্ষ্যদর্শীদের কথায় জানা গিয়েছে, গত ছ'মাস আগে ভারতে অনুপ্রবেশের অভিযোগে রবিউলকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে আদালতের নির্দেশে সে বন্দি। এদিকে আজ, শুক্রবার ফের আদালতে ওই ব্যক্তির মামলার শুনানি ছিল। সেজন্য অন্যান্য বিচারাধীন বন্দিদের সঙ্গে তাকেও স্বাস্থ্য পরীক্ষার জন্য বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পর ফের প্রিজন ভ্যানে বন্দিকে তোলার সময়ই বিপত্তি। অভিযোগ, ওই যুবক ভ্যানে ওঠার সময় পুলিশের হাত ছাড়িয়ে ছুট মারে।
ঘটনায় হতচকিত হয়ে গিয়েছিলেন পুলিশ কর্মীরা থেকে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যরা। জেলবন্দি রিন্টু খান বলে, "জেল থেকে আমাদের সঙ্গে গাড়িতে করে বাংলাদেশি রবিউল ইসলামকে ডাক্তার দেখাতে নিয়ে আসা হয়েছিল। পুলিশের হাত ছেড়ে পালিয়ে যায় সে।" পলাতক বাংলাদেশি বন্দির খোঁজে বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি চালাতে শুরু করেছে। বিচারাধীন বন্দি এমনভাবে পুলিশের হাত ছাড়িয়ে পালাল কীভাবে? নিরাপত্তার এত ফাঁক থাকল কীভাবে? সেসব প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ।
