সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল রেল পুলিশ। রবিবার রাতে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং (Canning) লাইনের তালদি স্টেশনের টিকিট কাউন্টার চত্বরে ঘটনাটি ঘটেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় রেল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরাও।
ধৃত যুবকের নাম দেবাশিস দাস। তিনি তালদি এলাকারই বাসিন্দা। জানা গিয়েছে, সত্তরোর্ধ্ব ওই বৃদ্ধা স্টেশন চত্বরেই থাকতেন। অন্যান্য দিনের মতো রবিবার রাতেও সেখানেই ঘুমিয়েছিলেন তিনি। গভীর রাতে দেবাশিস এসে ওই বৃদ্ধাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর তাঁর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় রেল পুলিশকে। রেল পুলিশের আধিকারিকরা এসে বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
ঘটনার তদন্ত শুরু করে সোমবার রাতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে রেল পুলিশ। পাশাপাশি এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। গভীর রাতে স্টেশন চত্বরে ধর্ষণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রেল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা।
