shono
Advertisement
Chittaranjan

প্রাক্তন হকি খেলোয়াড়কে পিটিয়ে খুন! সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে মারধরের দৃশ্য

দোষীদের গ্রেপ্তারের দাবিতে চিত্তরঞ্জনের ৩ নম্বর গেটের সামনে মৃতদেহ রেখে পথ অবরোধ হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
Published By: Jaba SenPosted: 12:33 PM Apr 02, 2026Updated: 01:13 PM Apr 02, 2026

প্রাক্তন হকি খেলোয়াড় তথা রেলকর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় উত্তপ্ত চিত্তরঞ্জন (Chittaranjan)। গত ৮ মার্চ স্টেশন চকের কাছে সামান্য বিবাদের কারণে তাঁকে বেধড়ক মারধর করে কয়েকজন দুষ্কৃতী। ২২ দিন পর বুধবার দুর্গাপুরের একটি হাসপাতালে আক্রান্তের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই চিত্তরঞ্জনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে চিত্তরঞ্জনের ৩ নম্বর গেটের সামনে মৃতদেহ রেখে পথ অবরোধ করেন পরিবার এবং অল ইন্ডিয়া রেলওয়ে এমপ্লয়িজ এসসি-এসটি অ্যাসোসিয়েশনের সদস্যরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম এরিক লাকড়া (৫০)। জানা গিয়েছে, এরিকের গাড়ির সঙ্গে একটি স্কুটির সামান্য সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। এরপর বাইকে চেপে তিন দুষ্কৃতী তাঁকে তাড়া করে অফিসার্স ক্লাবের কাছে ঘিরে ধরে। হামলার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ফুটেজে দেখা যাচ্ছে, দুষ্কৃতীরা হেলমেট, লোহার রড দিয়ে এরিকের উপর এলোপাথাড়ি হামলা চালাচ্ছে। লাথি, ঘুষিও মারা হচ্ছে। জনবহুল এলাকায় এই হাড়হিম করা দৃশ্য দেখে থমকে যান পথচারীরা। এরপর রক্তাক্ত অবস্থায় এরিককে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্তরা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

এরিকের মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন তাঁর পরিজন এবং অল ইন্ডিয়া রেলওয়ে এমপ্লয়িজ এসসি-এসটি অ্যাসোসিয়েশনের সদস্যরা। চিত্তরঞ্জনের ৩ নম্বর গেটের সামনে দেহ রেখে পথ অবরোধ শুরু করেন তাঁরা। তাঁদের দাবি, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। উত্তেজনা প্রশমিত করতে এলাকায় পুলিশ বাহিনী ও আরপিএফ মোতায়েন করা হয়। পরে চিত্তরঞ্জন থানার আইসি ইসমাইল আলির আশ্বাসে অবরোধ ওঠে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আয়ুষ ভগত, রাজা খান, শুভম পাণ্ডেকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু তারা ঘটনার পর থেকেই পলাতক। আগে এই তিনজনের বিরুদ্ধে মারধরের মামলা করা হয়েছিল। বর্তমানে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের ধারা যুক্ত করা হয়েছে। তাদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement