শাহজাদ হোসেন, ফরাক্কা: আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচন। তার আগে প্রাক্তন যুব কংগ্রেস সভাপতির গ্রেপ্তারি নিয়ে তুমুল উত্তেজনা। শনিবার সকাল থেকে সাগরদিঘি থানা ঘেরাও করে বিক্ষোভ বাম-কংগ্রেসের। পরে বেলার দিকে বিক্ষোভে শামিল হন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তৃণমূলের অঙ্গুলিহেলনে পুলিশ এই কাজ করেছে বলেই দাবি হাতশিবিরের। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল তৃণমূল।
ঘটনার সূত্রপাত শুক্রবার গভীর রাত। ওইদিন সাগরদিঘির পাটকেলভাঙার গৌরীপুর এলাকা থেকে প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সাইদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানানো হয়। কংগ্রেস নেতৃত্বের দাবি, ইচ্ছাকৃতভাবে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরির জন্য কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের পরামর্শে পুলিশ এই কাজ করেছে বলেই অভিযোগ। অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়। এই দাবিতে সাগরদিঘি থানা ঘেরাও করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। তাঁদের সমর্থন করে বামেরাও। এদিন বেলার দিকে বিক্ষোভস্থলে যান কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও। পুলিশের আচরণের বিরুদ্ধে সরব হন তিনি।
[আরও পড়ুন: সংগীত জগতে নক্ষত্রপতন, প্রয়াত পণ্ডিত বিজয় কিচলু]
রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর ফলে সাগরদিঘিতে উপনির্বাচন। তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের সাগরদিঘির বাড়ালা গ্রাম পঞ্চায়েতের সমশাবাদের বাসিন্দা তিনি। সর্বক্ষণের রাজনৈতিক কর্মী। সূত্রের খবর, প্রাক্তন বিধায়ক সুব্রত সাহার সঙ্গে তাঁর মতানৈক্য ছিল। ২০১৬ সালে যুব সভাপতি থাকাকালীন সুব্রত সাহার বিরোধিতা করায় নির্বাচনের মুখে মুর্শিদাবাদ জেলায় নির্বাচনী সভায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাঁকে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করেছিলেন। মাসকয়েক আগে সাগরদিঘির বিধায়ক মন্ত্রী সুব্রত সাহার আপওি থাকা সত্ত্বেও সাগরদিঘির ব্লক সভাপতি করা হয় দেবাশিস বন্দোপাধ্যায়কে।
জেলার পরিচিত, প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাইরন বিশ্বাসকে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস। তাঁকে সমর্থন করেছেন বামেরা। নবগ্রামের বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ সাহাকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছে বিজেপি। ২০১৬ সালে নবগ্রাম বিধানসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দিলীপ সাহা (Dilip Saha)। সে সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের কানাই মণ্ডলের কাছে পরাজিত হন। ২০২১ বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেন তিনি।
