তারকেশ্বর পৌরসভার (Tarakeswar Municipality) প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্তকে গলায় জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরাল জনতা। তাঁর কোমরের বেল্ট খুলে ঝোলানো হল গলায়। জুতোর মালা পরিয়ে রাস্তায় হাঁটানোর সময় চলল ডিম থেরাপি। উঠেছে চোর চোর স্লোগানও । রাস্তার মাঝে কান ধরে ওঠবস করানো হয় প্রাক্তন চেয়ারম্যানকে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে।
স্বপন সামন্ত এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবেই পরিচিত। তিনি বর্তমানে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তৃণমূল নেতার সঙ্গে এরকম ঘটনা হতে দেখে এলাকায় ভিড় জমে যায়। এবিষয়ে, স্থানীয় বিজেপি নেতা স্বপন পাল জানান, এসবের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নয়। বিজেপি এই সংস্কৃতিতে বিশ্বাস করে না। ১৫ বছর ধরে দুর্নীতি, চুরি করেছে তৃণমূল। চাল, গম, ত্রিপল-সহ সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার চুরি করেছে। এই কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। জুতোর মালা পরানো সমর্থন করে না বিজেপি। কিন্তু এটা জনরোধ।
রাজ্যজুড়ে তৃণমূলের নেতাকর্মীদের উপর চলছে ডিম থেরাপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কাউন্সিলর সব স্তরের নেতাদেরই জনরোষের মুখে পড়তে হচ্ছে। আজই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা নিরূপম রায়কে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় ডিম ছোড়া হয়। চলে জুতো দিয়ে মারধর। এছাড়াও আজ তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা রামেন্দু সিংহকে লক্ষ্য করেও ছোড়া হয় ডিম। সম্প্রতি এই ডিম হামলার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
