সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: শুক্রবার সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি শহরে। পুড়ে ছাই হয়ে যায় অন্তত ১৬টি গুদামঘর। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে পুড়ে ছাই হয়ে যায় কয়েক লক্ষ টাকার সম্পত্তি।
[ভোটকর্মীদের নিরাপত্তায় কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য? রিপোর্ট তলব হাই কোর্টের]
এদিন ভোর পাঁচটা নাগাদ শহরের ৬ নম্বর ওয়ার্ডে আগুন লাগে। এতে ছোটবড় মিলিয়ে ১৬টি গুদামঘরে আগুন ছড়িয়ে পড়ে। পাঁচটি গুদামঘর ভস্মীভূত হয়ে যায়। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় আরও দশটি ছোট-বড় দোকান ও গুদামঘর। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হতে পারে বলে ব্যবসায়ীদের অনুমান। আগুনের খবর পেয়ে শিলিগুড়ি দমকলের তিনটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে যান দমকলকর্মীরা। আসে পুলিশও। স্থানীয় কাউন্সিলর এবং মেয়র অশোক ভট্টাচার্যও ঘটনাস্থলে যান। আসেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু ঘোষ, ৮ নম্বর ওয়ার্ডের খুশবু মিত্তলও।
দমকল সূত্রে খবর, ভোর সওয়া পাঁচটা নাগাদ আগুনের খবর পাওয়া মাত্র দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। পরে আরও একটি ইঞ্জিন পাঠানো হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের অনুমান, শর্টসার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। আগুনে বেশ কয়কেটি প্লাস্টিকের গুদামঘর, ফুলের দোকান, বৈদ্যুতিন সামগ্রী, খেলনার গুদামঘর ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২-৩টি বাড়িও। ক্ষতিগ্রস্তরা পুরনিগমের কাছে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মেয়র।
[স্কুলের বন্ধুরা একজোট, গ্রামে গ্রামে বাল্যবিবাহ রুখছে নাবালিকারাই]
The post বিধ্বংসী অগ্নিকাণ্ড শিলিগুড়িতে, ভস্মীভূত ১৬টি গুদাম appeared first on Sangbad Pratidin.
