মুখ ফিরিয়েছে প্রেমিকা। বহুবার বোঝানোর চেষ্টা করেও লাভ তো হয়নি, উলটে বিয়ে করে নিয়েছেন তিনি। যার পরিণতি হল ভয়ংকর। অভিমান-অপমানে প্রেমিকাকে ভিডিও কল করে আত্মঘাতী যুবক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনা (Kalna) থানার অন্তর্গত নিউ মধুবন এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম শুভজিৎ রথ। বয়স ২৭ বছর। তাঁর বাড়ি কালনার নিউ মধুবন এলাকায়। কালনা থানা এলাকারই এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। কর্মসূত্রে ওই তরুণী বাইরের রাজ্যে চলে গিয়েছেন। তারপর থেকেই সম্পর্কে ভাঙনের শুরু। জানা যাচ্ছে, দিন চারেক আগে নাকি ভিনরাজ্যের এক যুবককে বিয়ে করেছেন ওই তরুণী। শুভজিৎ তা জানামাত্রই অশান্তি চরমে ওঠে। এরপরই প্রেমিকাকে ভিডিও কল করে গলায় ফাঁস দেন ওই যুবক। তখনই ওই তরুণী ওই যুবকের বাড়ির লোককে ফোন করে পুরো ঘটনা জানান।
এরপরই তাঁর বাড়ির লোকজন ঘরে পৌঁছলে দেখে যুবকের ঝুলন্ত দেহ। মৃতের দাদা বলেন, "ভাইয়ের কাছ থেকে নানা সময় নানা অছিলায় পয়সা নিত ওই তরুণী। তাঁকে ব্ল্যাকমেলও করত টাকা পয়সা চেয়ে। এরপর গতকাল ওই তরুণীকে ভিডিও কল করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ভাই।" সোমবার দুপুরে কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঘটনায় অভিযুক্ত প্রেমিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবার।
