shono
Advertisement

৩৫ বছরের বামদুর্গের পতন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্ডালের গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের

কোলিয়ারিতে বামেদের রক্তক্ষরণ অব্যাহত। The post ৩৫ বছরের বামদুর্গের পতন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্ডালের গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:08 PM Apr 28, 2018Updated: 05:23 PM Apr 28, 2018

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: পঁয়ত্রিশ বছরের বামদুর্গের পতন৷ পঞ্চায়েত ভোটের আগেই অন্ডালের খাঁদরা গ্রাম পঞ্চায়েত দখল নিল তৃণমূল৷ পঞ্চায়েতের প্রতিটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করল শাসকদল৷ সব আসন থেকেই তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেয় বামেরা৷ রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার পত্তন থেকেই এই পঞ্চায়েত বামেদের দখলে৷ ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনেও রাজ্য জুড়ে প্রবল ঘাসফুল ঝড়েও অটুট ছিল অন্ডালের খাঁদরা গ্রাম পঞ্চায়েত৷ সেই দুর্গের পতন হল শনিবার৷ খাঁদরা পঞ্চায়েতের ২২টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল৷ এবার মোট আসনের মধ্যে বামেরা ২০টি আসনে মনোনয়ন দাখিল করে৷ এরমধ্যে সিপিএম ৮টি ও সিপিআই ১২টি আসনে মনোনয়ন দাখিল করেছিল৷ খাঁদরায় সিপিএম ও সিপিআই দুজনেই শক্তিশালী৷ খাঁদরার সিদুঁলি কোলিয়ারি এলাকাতে সিপিআই ও খাঁদরার গ্রাম এলাকায় সিপিএমের ঘাঁটি বলে পরিচিত৷ কিন্তু সেই ঘাঁটিতেই এবার ধস নামল৷ শাসকদলের লাগাতার চাপের কাছে নতিস্বীকার করতে বাধ্য হল বামেরা৷

Advertisement

[মনোনয়ন প্রত্যাহারের হুমকি, ভাতারে মহিলা প্রার্থীকে দিনভর পাহারা বিজেপিকর্মীদের]

গত পঞ্চায়েত নির্বাচনে খাঁদরা পঞ্চায়েতে মোট ২২টি আসনের মধ্যে বামেরাই দখল করে ১৯ টি আসন৷ এরমধ্যে সিপিআই ১০টি ও সিপিএম ৯টি আসন দখল করেছিল৷ কিন্তু এবার দাঁড়াতেই পারল না বামেরা৷ বামেদের অভিযোগ, শাসকদলের বহুমাত্রিক আক্রমণের কাছে ভয় পেয়ে প্রার্থীপদ প্রত্যাহারে বাধ্য হয়েছে বাম প্রার্থীরা৷ এই পঞ্চায়েতের নীলকন্ঠতলা কলোনি ও বিশ্বেশরী কোলিয়ারিতে দুই বাম প্রার্থীর বাড়িতে আক্রমণ চালায় শাসকদল বলে অভিযোগ৷ একইভাবে নাগকাজোরা এলাকার বাম মহিলা প্রার্থীকে তুলে নিয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ৷ যার ফলে আতঙ্কিত হয়েই মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে বাম প্রার্থীরা বলে বাম নেতাদের দাবি৷ এছাড়াও, এবার সিপিএমের সঙ্গে সিপিআইয়ের বোঝাপড়াও খুব সুখকর ছিল না৷ মনোনয়ন নিয়েই দুই পক্ষের মতবিরোধের সৃষ্টি হয়৷ সমঝোতা না হওয়ায় ভাগের থেকে বেশি আসনে মনোনয়ন দাখিল করে সিপিএম৷ পরে সিপিআইয়ের পক্ষ থেকে একে একে মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়৷ ঐক্যেই ফাটল দেখা যাওয়ার পর সিপিএমও একা হয়ে পড়ে৷ প্রতিরোধের রাস্তায় যেতে তারাও ভয় পেয়ে যায়৷ তাই শাসকদলের পক্ষ থেকে সহজ হয়ে যায় বিনা প্রতিদ্বন্দিতায় জয়৷ শনিবার ঘণ্টাখানেকের মধ্যে খাঁদরা পঞ্চায়েতের অবশিষ্ট বাম প্রার্থীরাও তাদে মনোনয়ন পত্র তুলে নেন৷ একই অবস্থা পঞ্চায়েত সমিতিতেও৷ এই অঞ্চলে মোট তিনটে সমিতির আসন৷ সিপিএম একটি আসনে মনোনয়ন দিয়েছিল৷ শনিবার সেই প্রার্থীও তার মনোনয়ন তুলে নেয়৷

[গ্রামীণ হাওড়ায় তৃণমূলকে হারাতে নিচুতলার বাম-কংগ্রেস এখন ভাই ভাই]

লালদুর্গের পতন নিয়ে সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য প্রবীর মণ্ডল জানান, “রাজ্যে জুড়ে তৃণমূলের সন্ত্রাস চলছে৷ এর বাইরে নয় অন্ডালও৷ বাড়িতে বাড়িতে গিয়ে মাওবাদী কায়দায় রাতে ঘরে ঢুকে তাণ্ডব চালাচ্ছে শাসকদলের গুন্ডারা৷ পরিবারকে নিয়ে চরম আতঙ্কের মধ্যে থাকছে হচ্ছে প্রার্থীদের৷ পুলিশও প্রার্থীদের কাছে গিয়ে মননোয়ন তোলার জন্যে চাপ দিচ্ছে৷ এইভাবে ভোট সম্ভব নয়৷ তাই প্রার্থীরা মনোনয়ন তুলতে বাধ্য হচ্ছে৷” বামেদের সাংগঠনিক দুর্বলতার কারনেই প্রার্থীদের নিরাপত্তা দিতেও ব্যর্থ দল৷ সেই সুযোগেই ফাঁকা মাঠে দেদার গোল দিল তৃণমূল৷ যদিও তৃণমূলের অন্ডাল ব্লকের সভাপতি অলোক মণ্ডল জানান, “দলের পক্ষ থেকে কোন সন্ত্রাস হয়নি৷ বিরোধীরা শাসকদলকে লড়াইয়ের ময়দানে নয় মিথ্যা ভাষণ দিয়ে কলুষিত করতে চাইছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে আর বিরোধী দলের হয়ে কেউ দাঁড়াতে চাইছে না৷” পঞ্চায়েত ভোটের আগেই বিনা যু‌দ্ধে দীর্ঘদিনের বামদুর্গের পতনকে খনি অঞ্চলে বামেদের রক্তক্ষরণের মাত্রাকে আরও প্রবল করল বলেই রাজনৈতিক মহলের দাবি৷

[সিপিএম নেতা অমিয় পাত্রের বাড়িতে দুষ্কৃতীদের হামলা, উত্তেজনা তালড্যাংরায়]

The post ৩৫ বছরের বামদুর্গের পতন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্ডালের গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার