shono
Advertisement
Suri

নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!

স্থানীয় বাসিন্দাদের অনুমান, নিজেদের মধ্যে কোনও বিবাদকে কেন্দ্র করেই এমন অঘটন ঘটেছে।
Published By: Sucheta SenguptaPosted: 11:51 AM Aug 11, 2026Updated: 01:05 PM Aug 11, 2026

সাতসকালে ঘর থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধার ঘিরে শোরগোল সিউড়ির গোপালপুর গ্রামে। মঙ্গলবার নাবালিকার ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ পাওয়া যায়। প্রেমিকার নিথর দেহ পড়ে ছিল খাটের উপর। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের পর দু'জনের বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু তা মেনে নিতে চায়নি যুবকের পরিবার। সেই কারণে দু'জনে মিলে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।

Advertisement

সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) সিউড়ি থানা এলাকার দেশালপুর গ্রামের। জানা গিয়েছে, সিউড়ি থানার গোপালপুর গ্রামের শেখ ইমরানের সঙ্গে একই গ্রামের ১৭ বছরের এক ছাত্রীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। দুই বাড়ির মধ্যে তাদের বিয়ের কথাও হয়। কিন্তু ছেলের বাড়ি এই সম্পর্ক মানতে চাইছিল না বলেই জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ইমরান ওই নাবালিকার বাড়ি যায়। এরপর মঙ্গলবার সকালে বন্ধ ঘর থেকে কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে ইমরানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আর নাবালিকার দেহ পড়েছিল খাটের উপর। তার গলাতেও ফাঁসের চিহ্ন রয়েছে বলেও জানা গিয়েছে। প্রাথমিক অনুমান, গলায় ফাঁস দিয়ে দু'জন আত্মঘাতী হয়েছে।

সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যুবকের পরিবার কান্নায় ভেঙে পড়েছে, নিজস্ব ছবি

স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে জানাচ্ছেন, নিজেদের মধ্যে কোনও বিবাদকে কেন্দ্র করেই জোড়া আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়েই সিউড়ি (Suri) থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দু'টি দেহেরই ময়নাতদন্ত করানো হবে। এই ঘটনার সঙ্গে কেউ জড়িত আছে কিনা বা কারও ইন্ধন আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement