shono
Advertisement
Digha

রাস্তা থেকে পাল্টি খেয়ে নয়ানজুলিতে বাস! দিঘা থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনা

পূর্ব মেদিনীপুরের কাঁথির ছত্রধরা বাসস্ট্যান্ড এলাকায় অঘটন। পথে আচমকা এক বাইক আরোহী বাসের সামনে চলে আসে। তাঁকে বাঁচাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারান। রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে উলটে যায় বাসটি।
Published By: Sayani SenPosted: 04:26 PM Jun 29, 2026Updated: 07:07 PM Jun 29, 2026

দিঘা থেকে কলকাতায় ফেরার পথে অঘটন। রাস্তা থেকে পাল্টি খেয়ে নয়ানজুলিতে বাস। জখম কমপক্ষে ১০ জন যাত্রী। তাঁদের কাঁথি দারুয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

সোমবার সকালে যাত্রী নিয়ে দিঘা-কলকাতার বেসরকারি বাসটি যাত্রা শুরু করে। 'সন্তোষ' নামে ওই বাসটি শীতাতপ নিয়ন্ত্রিত। ওই বাসটি ঠিকঠাকই আসছিল। পূর্ব মেদিনীপুরের কাঁথির ছত্রধরা বাসস্ট্যান্ড এলাকায় অঘটন। পথে আচমকা এক বাইক আরোহী বাসের সামনে চলে আসে। তাঁকে বাঁচাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারান। রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে উলটে যায় বাসটি।

বাসে থাকা প্রত্যেক যাত্রীই অল্পবিস্তর জখম হন। গুরুতর জখম হন ১০ জন যাত্রী। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে কাঁথি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধারকাজে হাত লাগায়। আহতদের উদ্ধার করে কাঁথি দারুয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আপাতত চিকিৎসাধীন সকলে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ফেব্রুয়ারি দিঘা থেকে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে একটি রোলারে ধাক্কা মারে। তার ফলে একেবারে দুমড়ে মুচড়ে যায় বাস। ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ পূর্ব মেদিনীপুরের কাঁথির ছত্রধরার কাছে দুর্ঘটনা ঘটে। সেদিনও দিঘা থেকে কলকাতায় আসছিল বাসটি। ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতা কমে যায়। তার ফলে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলেই খবর। সেই ঘটনার পর আবারও প্রায় একই জায়গায় দুর্ঘটনার শিকার আরও একটি যাত্রীবাহী বাস। বারবার দুর্ঘটনার ফলে স্বাভাবিকভাবেই ওই রাস্তার পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement