খড়গপুর আইআইটি ক্যাম্পাসে এবার অধ্যাপকের রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার হল গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ! মৃতের নাম দীপক রেড্ডি পুল্লগুরম, বাড়ি হায়দরাবাদে। আজ, বুধবার দুপুরে এই ঘটনা সামনে আসে। অধ্যাপকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে ক্যাম্পাসে। কী কারণে এমন ঘটনা ঘটল? খড়গপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় বিকেল পর্যন্ত কর্তৃপক্ষের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি।
বছর ২৫ বয়সের দীপক রেড্ডি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। আইআইটি ক্যাম্পাসের ২বিআর ১৪ নং রুমে তিনি থাকতেন। সকাল থেকেই তাঁর সন্ধান মিলছিল না। ওই কোয়ার্টারে তিনি একাই থাকতেন। তাঁর খোঁজ না পাওয়ায় ঘরে গিয়ে খোঁজখবর শুরু হয়। ঘরের দরজা বন্ধ ছিল ভিতর থেকে। ডাকাডাকি করেও সাড়া মেলেনি। খবর দেওয়া হয় পুলিশে। শেষপর্যন্ত বেলা ১২টার পর ঘর থেকে উদ্ধার হল ওই অধ্যাপকের ঝুলন্ত দেহ। অধ্যাপককে নিয়ে দ্রুত আইআইটি ক্যাম্পাসের বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 'আত্মহত্যা' নাকি অন্য কিছু? সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃতের হায়দরাবাদের বাড়িতেও এই দুঃসংবাদ জানানো হয়েছে। পারিবারিক কোনও সমস্যা ছিল কিনা তাও খতিয়ে দেখছে খড়গপুর টাউন থানার পুলিশ। ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়েছে কিনা জানা যায়নি। তদন্তের স্বার্থে ঘরটি সিল করা হয়েছে।
