সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের ময়দানে লড়াই হোক। কিন্তু গুন্ডামি করলে পুঁতে দেওয়া হবে। এই ভাষাতেই শাসকদলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তার কড়া জবাব দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। জানালেন, যে সংস্কৃতির আমদানি করছে বিজেপি, তাতে বাংলায় মুখ দেখানো ভার হবে।
[ বিজেপিতেই ‘ফুটবে’ মুকুল, কী বললেন দিলীপ ঘোষ? ]
বস্তুত নিজের বক্তব্যের ভাষার জন্য বরাবরাই সমালোচিত বিজেপি রাজ্য সভাপতি। অমর্ত্য সেন হোক কিংবা যে কোনও রাজনৈতিক নেতা, আক্রমণের সময় তিনি ভাষার সংযমে সম্ভবত বিশ্বাসই করেন না। তাই লাগামও টানেন না। ভোটের মাঠে তৃণমূলের ভোট করানোর প্রক্রিয়ার সমালোচনা করতে গিয়েও তাই বেলাগাম সমালোচনা করেছেন। আপত্তি আক্রমণ নিয়ে নয়, উঠেছিল আক্রমণের ভাষা নিয়ে। রাজনৈতিক বিরোধিতা তো থাকবেই। কিন্তু বাংলার রাজনীতি যে শিষ্টাচারে বিশ্বাস করে, ভরসা রাখে তা থেকে যেন দিলীপবাবুর বক্তব্য অনেকটাই সরে যায়। রাজ্যে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকেও এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। দিলীপবাবু অবশ্য তাঁর চিরাচরিত আক্রমণের ধারা থেকে সরেননি। আর তাই হলদিয়ায় তাঁর এহেন বক্তব্য নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে।
[ সম্প্রীতির নজির, হিন্দু বৃদ্ধার সৎকার করলেন মুসলিম যুবকরা ]
এদিন তার জবাব দিতে গিয়ে রাজনৈতিক অভিসন্ধিরই ইঙ্গিত দিলেন পার্থ চট্টোপাধ্যায়। বললেন, “আসলে আমাদের কর্মীদের প্ররোচিত করার চেষ্টা চলছে। কচ্ছপকে উলটে দিলে যেমন শুধুই চারটে পা ছোড়ে, সোজা হওয়ার শক্তি থাকে না। এটাও অনেকটা সেরকমই। দিলীপবাবুর নেতৃত্বে বিজেপি যা কাজ করছে, কচ্ছপ তো তাও উলটেছিল, এরা মুখ দেখাতেও পারবে না।” রাজনীতির ভাষা নিয়েও এদিন পার্থবাবুর কটাক্ষ, “যে ভাষা, সে সংস্কৃতির আমদানি এঁরা করছেন, তাতে যারা সত্যি মস্তানি করে, কু-কথার পতাকাবাহী, তারা ভাবছে, আমাদের থেকেও বড় কাউকে পেয়ে গিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর আক্রমণ চলছে, আমাদের কর্মীদের প্ররোচিত করার চেষ্টা চলছে। কিন্তু সকল কর্মীদের বলি, এ ধরনের কথার কোনও মূল্য নেই। গুরুত্ব দেওয়ার কোনও দরকার নেই। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে এবং থাকবেও।”
[ রাতের পর রাত স্বামীর রক্তপান করত এই ‘পিশাচ’ স্ত্রী ]
The post বিজেপি উলটানো কচ্ছপ! দিলীপকে তীব্র কটাক্ষ পার্থর appeared first on Sangbad Pratidin.
