নন্দন দত্ত, সিউড়ি: প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। এর জেরেই অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে যুগল। এমনই অভিযোগ উঠল বীরভূমের কাঁকড়াতলার রসা গ্রাম এলাকায়। মৃতদের নাম সৌরভ ঘোষ (২২) ও পূজা সালুই (১৯)।
শনিবার সকালে রসা গ্রামের জঙ্গলের ভিতর একটি পরিত্যক্ত ইটভাটার কাছে পড়েছিল দেহ দু’টি। গ্রামবাসীদের অনুমান, বিষ খেয়েই আত্মঘাতী হয়েছে যুগল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সৌরভ-পূজা দু’জনের বাড়িই রসা গ্রামে। সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সৌরভ। গত তিন বছর ধরে তাঁদের মধ্যে ভালবাসার সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হতে দেরি হয়নি। অভিযোগ, ছেলের এই সম্পর্ক মেনে নেয়নি সৌরভের পরিবার। শুক্রবার সন্ধ্যা থেকেই খোঁজ মিলছিল না তাঁদের। শনিবার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, বাড়ি থেকে সম্পর্ক মেনে না নেওয়ার কারণেই আত্মঘাতী হয়েছে যুগল।
[স্বামীর রিভলভার চুরি করে প্রেমিকের হাতে তুলে দেয় মধুমিতাই!]
ঘটনার খবর পেতেই ছুটে আসেন দুই পরিবারের সদস্যরা। সৌরভের বাবা মনোজ ঘোষ জানান, ‘আমি বলেছিলাম আগে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর সংসারী হবে। কিন্তু ওরা অপেক্ষা করল না।’ পূজার পরিবার অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাহায্যে মৃতদেহ দু’টি সিউরি হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।
[পঞ্চায়েতে ‘জয়ী’র নামে দেওয়াল লিখন তৃণমূলের, হাই কোর্টের রায়ে বাড়ল জটিলতা]
The post প্রেম মেনে নেয়নি পরিবার, অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী যুগল appeared first on Sangbad Pratidin.
