ম্যাচ শেষের পর দু'দিন হতে চলল। কিন্তু বিশ্বকাপে আর্জেন্টিনা-মিশর ম্যাচে নিয়ে বিতর্ক-চর্চা কিছুতেই থামছে না। বরং বাড়ছে। ক্রীড়াজগতের গণ্ডি পেরিয়ে বিতর্কে নাম জড়াচ্ছে রাজনীতিবিদদেরও। মেসিদের জয়ে রেফারির ভূমিকা নিয়ে এতদিন প্রশ্ন তুলছিলেন ফুটবলপ্রেমীদের একাংশ। এবার নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিও একইভাবে ফিফাকে কাঠগড়ায় তুলে দিলেন। তিনি স্পষ্ট বলে দিলেন, মিশরের সঙ্গে একপ্রকার ডাকাতি করা হয়েছে।
মামদানি বুধবার একটি জনসভায় নিউ ইয়র্কের রাস্তা সম্প্রসারণ নিয়ে বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি সুকৌশলে আর্জেন্টিনা ম্যাচের প্রসঙ্গ উল্লেখ করেন। নিউ ইয়র্ক মেয়র বলছেন, "নতুন-চওড়া রাস্তা তৈরির অর্থ আপনি দ্রুত বাড়ি ফিরতে পারবেন। এর অর্থ আপনি পরিবারের সঙ্গেই ব্রেকফাস্ট করতে পারবেন। এর মানে বন্ধুদের সঙ্গে তর্ক করার, আড্ডা মারার সময় পাবেন, সন্তানদের খেলাধুলোয় সঙ্গী হতে পারবেন। এর মানে আপনার বন্ধুদের সঙ্গে একমত হতে পারবেন, যে গতকাল মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে।" সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা প্রায় সমস্বরে হেসে ওঠেন। মামদানির মন্তব্য বিশ্বকাপের রেফারিং বিতর্কে ঘি ঢালবে তাতে সংশয় নেই।
উল্লেখ্য, মঙ্গলবার মিশর-আর্জেন্টিনা ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হারতে হয়েছে মিশরকে। ওই হতাশার হারের পরই মহম্মদ সালাহরা নিশানা করেছেন রেফারিকে। ইতিমধ্যেই মিশর ফুটবল সংস্থার সভাপতি হানি আবো রিদা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তাঁর রেফারিং দলের বিরুদ্ধে ফিফায় অভিযোগ জানিয়েছেন। সেখানে বলা হয়েছে, মিশরের বিরুদ্ধে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা তদন্ত করে দেখা উচিত। একই সঙ্গে লেতেক্সিয়ে ও তাঁর রেফারিং দলকে বিশ্বকাপের বাকি ম্যাচ পরিচালনার দায়িত্ব না দেওয়ারও আবেদন জানিয়েছে মিশর।
সূত্রের খবর, মিশরের ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করতে চলেছে ফিফা। গোটা ম্যাচ কেমনভাবে পরিচালনা করেছেন ফ্রাঁসোয়া, চলতি বিশ্বকাপের অন্যান্য ম্যাচেই বা কেমন পারফরম্যান্স তাঁর-সবই আসবে আতশকাঁচের তলায়। সেই ভিত্তিতে রিপোর্ট দেবেন ফিফার রেফারিং আধিকারিকরা। ফ্রাঁসোয়াকে চলতি বিশ্বকাপে আর দেখা যাবে কিনা, তাও নির্ভর করবে ওই রিপোর্টের উপর। অতীতে রেফারির বিরুদ্ধে এমন অভিযোগ উঠলেও নির্বাসনের মতো কঠিন সাজা মেলেনি।
