shono
Advertisement
RG Kar

আর জি কর তদন্তের আওতায় আইপিএস থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী, শুভেন্দুর পদক্ষেপে কী বলছেন অভয়ার বাবা-মা?

বিজেপি বাংলায় সরকার গড়লে অভয়া মামলার ফাইল নতুন করে খোলা হবে, আশ্বাস দিয়েছিলেন মোদি-শুভেন্দু। কথা রাখল বিজেপি সরকার।
Published By: Tiyasha SarkarPosted: 03:53 PM May 15, 2026Updated: 05:00 PM May 15, 2026

মেয়ে সুবিচার পাবে, এই আশায় বুক বেঁধে বিজেপিতে যোগ দিয়েছিলেন আর জি করের নির্যাতিতা অভয়ার মা। নেমেছিলেন ভোটের লড়াইয়েও। নতুন সরকার গঠন হতেই বিরাট পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুক্রবার সাংবাদিক বৈঠক করে তিন আধিকারিককে সাসপেন্ডের পাশাপাশি বলেন, তাঁরা কার নির্দেশে কাজ করেছেন সেটা তৎকালীন মুখ্যমন্ত্রী নাকি অন্য কোনও মন্ত্রী, সমস্ত বিষয় তদন্তের আওতায় এনে খতিয়ে দেখা হবে। শুভেন্দুর এই পদক্ষেপে খুশি অভয়ার বাবা-মা অর্থাৎ শেখর দেবনাথ ও রত্না দেবনাথ। অভয়ার মা বললেন, "এবার আরও অনেকে গ্রেপ্তার হবে।"

Advertisement

ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা কথা দিয়েছিলেন, বিজেপি বাংলায় সরকার গড়লে আর জি করে অভয়া মামলার ফাইল নতুন করে খোলা হবে। একই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারীও। সেই কথা রেখেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই এই মামলার তদন্তে তৎপর হতে দেখা গেল তাঁকে। শুক্রবার নবান্ন সভাঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘‘অভয়া কাণ্ডে বিভিন্ন সংবাদমাধ্যমের মধ্যে দিয়ে সবচেয়ে বড় যে অভিযোগ আমাদের কানে এসেছিল, নির্যাতিতার মায়ের তরফে, তা হল তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ২ পুলিশ অফিসার পরিবারকে টাকা দিতে চেয়েছিলেন। বলা হয়েছিল, রাজ্য সরকারের তরফে তাঁদের এই প্রস্তাব। এটা কারা, কেন বলেছিল, রাজ্য সরকারের কথায় নাকি অন্য কিছু – এসবের তদন্ত করা প্রয়োজন, তদন্ত হবে। আর যাঁদের বিরুদ্ধে এই অভিযোগ, সেসব অফিসারদের সাসপেন্ড করে তারপর তদন্ত শুরু করা দরকার। নাহলে তদন্তে স্বচ্ছতা থাকবে না।” এরপরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কলকাতা পুলিশের তৎকালীন তিন আইপিএস অফিসার – বিনীত গোয়েন (বর্তমান এডিজি, আইবি), তৎকালীন ডিসি, সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি, নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল।

এপ্রসঙ্গে অভয়ার বাবা শেখর দেবনাথ বলেন, "অপরাধীদের আড়াল করার চেষ্টা হয়েছে। আমরা বারবার একথা বলেছিলাম। আইনের রক্ষকরা অপরাধ করার সাহস যেন না পায়, সেরকম দৃষ্টান্ত স্থাপন করে দিলেন মুখ্যমন্ত্রী।" অভয়ার মা অর্থাৎ পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ বলেন, "মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। চাইলে এই নির্দেশ আগের মুখ্যমন্ত্রীও দিতে পারতেন। কিন্তু দেননি। এটাই দুই মুখ্যমন্ত্রীর মধ্যে পার্থক্য।মোদিজিকে প্রণাম। আমি মনে করছি, বিচার প্রক্রিয়া নতুন করে শুরু হওয়ার এটা একটা ধাপ। আরও অনেকে গ্রেপ্তার হবে।" এপ্রসঙ্গে মুখ খুলেছেন আর জি কর আন্দোলনের মুখ চিকিৎসক অনিকেত মাহাতোও। তিনি বলেন, "রাজ্য সরকার চাইলে সব করতে পারে। সত্য সামনে আসার ক্ষেত্রে আর কোনও অন্তরায় থাকল না।" শুধু অভয়ার পরিবার নয়, এবার সুবিচার মিলবে বলে আশাবাদী গোটা বাংলা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement