গঙ্গারামপুরে (Gangarampur) তৃণমূলকর্মীকে গুলি। গাড়ি আটকে বুক লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। যুবক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাজনৈতিক প্রতিহিংসা না কি, ব্যক্তিগত শত্রুতার জেরে এই কাণ্ড তা নিয়ে ধোঁয়াশা। ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত অধরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত তৃণমূলকর্মীর নাম শিবা চৌধুরী। তিনি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানা এলাকার আউট কলোনির বাসিন্দা। মঙ্গলবার রাতে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে নিজের গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন শিবা। সেই সময় নিউ মার্কেট এলাকায় একটি গাড়ি তাঁর পিছু নেয়। কিছুদূর যেতেই শিবার গাড়ি ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী।
তারপরই গঙ্গারামপুর থানার অদূরে গুলি চালানোর ঘটনা ঘটে। অভিযোগ, বাবু চৌধুরী নামে এক দুষ্কৃতী গুলি চালিয়েছে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শিবা। পালিয়ে যায় দুষ্কৃতীর দল। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই আহত শিবাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি।
এই খবর পাওয়ার পর রাতেই গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে দেখতে যান গঙ্গারামপুরের তৃণমূল প্রার্থী গৌতম দাস। তিনি বলেন, "জানতে পেরেছি গুলি চালিয়েছে বাবু চৌধুরী। অভিযুক্ত যে দলই করুক না কেন, সে আইনের আওতায় শাস্তি পাবে। এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না।" আহত শিবার ভাই বিপ্লব চৌধুরী জানান, ঠিক কী কারণে দাদাকে গুলি করা হয়েছে তা জানি না। দুস্কৃতীদের গুলিতে গাড়ির কাঁচ ভেঙে যায়। একটি গুলি পাঁজরের সামনে দিয়ে ঢুকে পিঠের দিক থেকে বেরিয়ে গিয়েছে।" এই কাণ্ডের সঙ্গে যুক্ত সকলকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
