সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে অযথা বিতর্ক। তা নিয়ে বেশ বিরক্তই ছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের স্কুলে স্কুলে স্বাধীনতা দিবস পালনের কেন্দ্রীয় ফরমানে রাজ্যের তথাকথিত ‘না’ নিয়ে জলঘোলা। শেষলগ্নে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছিলেন, এরকম কোনও ব্যাপার নেই। পূর্ণ মর্যাদাতেই রাজ্যের বিভিন্ন অঞ্চলে স্বাধীনতা দিবস পালন হবে। হলও তাই।
এদিন রেড রোডে চিরাচরিত নিয়ম অনুযায়ী পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পূর্ণ মর্যাদায় পালিত হয় স্বাধীনতা দিবস। পাশপাশি হয় কুচকাওযাজ। এদিন সেখানে দেখা মিলল কন্যাশ্রী ট্যাবলোর। কদিন আগেই রাষ্ট্রসংঘে সেরা জবকল্যাণমূলক প্রকল্পের স্বীকৃতি পেয়েছে রাজ্যের এই প্রকল্প। স্বাধীনতা দিবস উপলক্ষে সেই সাফল্যেরও প্রদর্শন হল। পাশাপাশি ছিল রাজ্যের অন্যান্য প্রকল্পগুলিরও ট্যাবলো। আগামী অক্টোবরে যুব বিশ্বকাপ। বিশ্বকাপের মতো এমন মেগা ইভেন্টের ফাইনাল, সেমিফাইনাল সহ বেশ কিছু ম্যাচ হবে যুবভারতীতে। রাজ্য সরকার এই প্রতিযোগিতা ঘিরে কতটা তৈরি তার আঁচ মিলল শোভাযাত্রায়।
শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস পালনের নির্দিষ্ট কর্মসূচি দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। রাজ্য চেয়েছিল, এ উদযাপনে অন্তত নিজস্বতা থাকুক। এ নিয়েই জমে বিতর্ক। কেন্দ্রের সূচি রাজ্য মানতে নারাজ বলে শোরগোল পড়ে।
যদিও পরে মুখ্যমন্ত্রী নিজে জানিয়ে দেন, বিজেপি ঘনিষ্ঠ কিছু সংবাদমাধ্যম ভুল প্রচার করেছে। রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ মর্যাদাতেই স্বাধীনতা দিবসের উদযাপন হবে। সে ছবিই দেখা গেল গোটা রাজ্য জুড়ে। পাশাপাশি রেড রোডেও হল উদযাপন।
এদিন রেড রোডে স্বাধীনতা দিবসের উদযাপন চলাকালীন পড়ে যান এক মহিলা পুলিশকর্মী। যদিও পরে তিনি সুস্থ হয়ে ওঠেন বলেই জানা যাচ্ছে।
ছবি- অমিত ঘোষ
The post স্বাধীনতা দিবস উদযাপনে মুখ্যমন্ত্রী, দেখা মিলল ‘কন্যাশ্রী’ ট্যাবলোর appeared first on Sangbad Pratidin.
