সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: তৃণমূলের অফিসিয়াল প্রার্থী কে? এই প্রশ্নে উত্তাল কাঁকসার আমলাজোড়া অঞ্চলের তৃণমূলকর্মীরা৷ এই অঞ্চলের পনেরো নম্বর কেন্দ্রে একদিকে গত পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি তো অন্যদিকে স্থানীয় যুব তৃণমূল নেতা তৃণমূলের হয়ে মনোনয়ন দাখিল করে বসে আছেন৷ দুই প্রার্থীরই তৃণমূলের অন্দরে প্রভাব আছে৷ তাই গোঁজ বাছতে হিমশিম অবস্থা শাসকদলের৷ দলের সিদ্ধান্ত মোতাবেক বিজয়ী প্রার্থী এবারও অগ্রাধিকার পাবে৷ সেই মতো গত পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি চিন্ময় মণ্ডল মনোনয়ন দাখিল করেন গত ৯ এপ্রিল৷ একইদিনে যুব তৃণমূলের নেতা কুলদীপ সরকারও এই কেন্দ্রে মনোনয়ন দাখিল করে বসেন৷ কার মদতে তিনি মনোনয়ন দাখিল করলেন তাতেই উঠে আসছে দলের অর্ন্তকলহের তত্ত্ব৷ স্থানীয় তৃণমূলের এক অংশের এবং তৃণমূলের যুবনেতা হওয়ার সুবাদে জেলা যুবনেতাদেরও মদত উনি পেয়েছেন বলে দলের একটা অংশের অভিযোগ৷
[মনোনয়ন প্রত্যাহার বিরোধীদের, ভোটের আগেই পঞ্চায়েত দখল তৃণমূলের]
আবার, অন্যদিকে দলীয় সূত্রে জানা গিয়েছে, এখনও দলের চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করে ওঠা সম্ভব হয়নি বলেই ‘গোঁজ’ প্রার্থী বলে দল যাঁদের চিহ্নিত করছে তাঁদের মনোনয়ন প্রত্যাহার সম্ভব হয়নি৷ এই দোটানায় পরে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, শনিবার আদপেও এই কেন্দ্রে ‘গোঁজ’ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার হয় কিনা তা দেখার অপেক্ষায় এলাকার তৃণমূল কর্মীরা৷ কিন্তু ‘গোঁজ’ কে? তা নিয়েই দলের অন্দরে জলঘোলা চরমে৷ দলের সিদ্ধান্ত মোতাবেক সহকারি সভাপতিরই মনোনয়ন পেশ করার কথা৷ সেই দলের অফিসিয়াল প্রার্থী৷ কিন্তু দাপুটে যুব নেতার পক্ষেও দলের একটা অংশ সওয়াল করতেই বেশ চাপেই পরে গিয়েছে দল৷ কাঁকসার পনেরো নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের দুই প্রার্থী এই নিয়ে কোনও মন্তব্য করতে না চাইলেও দলের কার্যকরী সভাপতি স্পষ্ট করেছেন দলের অবস্থান৷ তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় জানান,“ ওই কেন্দ্রে দলের অফিসিয়াল প্রার্থী হচ্ছেন বিগত পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি চিন্ময় মণ্ডল৷ যে গোঁজ প্রার্থী ওই কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন উনি তা প্রত্যাহার করে নেবেন৷” কিন্তু অতি সহজ দলীয় এই সিদ্ধান্ত মানতে দলকে এতো সময় নিতে হচ্ছে কেন? মনোনয়নের শেষ দিনে কেন তা প্রত্যাহার হবে? কোথাও একটা বিবাদ চলছে বলেই দলীয় কর্মীদের দাবি৷ কাঁকসা ব্লকে পঞ্চায়েত সমিতির ২১ টি আসনের মধ্যে মাত্র একটি আসনেই এখনও তৃণমূলের ‘গোঁজ’ প্রার্থীর নাম জ্বলজ্বল করছে৷ দলকে বিড়ম্বনার মধ্যে রেখে শুক্রবারও সেই ‘গোঁজ’ প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেনি৷
[দুই ছেলেকে অপহরণ করেছে আরাবুল, পুলিশ সুপারের দ্বারস্থ ভাঙড়ের নির্দল প্রার্থী]
The post তৃণমূলের ‘অফিসিয়াল’ প্রার্থী কে? গোঁজ বাছতে গাঁ উজাড় কাঁকসার আমলাজোড়ায় appeared first on Sangbad Pratidin.
