ফের আলোচনার কেন্দ্রে পাকিস্তানি গায়ক আলি জাফর (Ali Zafar)। ২০১৮ সালে গায়কের বিরুদ্ধে মি টু অভিযোগ এনেছিলেন পাক গায়িকা মিশা শাফি। পালটা মানহানির মামলা দায়ের করে আদালতে জয় ছিনিয়ে এনেছিলেন জাফর। তবে মিশাকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হচ্ছে। এর মাঝেই আলি জাফরের একটি ভিডিও ঘিরে চর্চা তুঙ্গে। 'ধর্ষণ'-এর মতো সংবেদনশীল শব্দ নিয়ে রসিকতা করেছেন গায়ক। সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই একেবারে ছিছিক্কার। সাম্প্রতিক অতীতে এক সাক্ষাৎকারে 'ধর্ষণ' নিয়েও হাসিঠাট্টা করেছিলেন। সেই মন্তব্যেই কটাক্ষের মুখে পড়ছেন পাক অভিনেতা তথা গায়ক আলি জাফর।
প্রাক্তনের সঙ্গে সম্পর্কের অনুভূতিকে 'ধর্ষণ'-এর সঙ্গে তুলনা করেছিলেন। এক সাংবাদিক তাঁর পুরনো প্রেম নিয়ে প্রশ্ন করেছিলেন। গায়ক উত্তরে বলেছিলেন, " নিজেকে ধর্ষিতা বলে মনে হত।" পরে আবার হাসতে হাসতে যোগ করেন, "তবে আমি কিন্তু, ওই মুহূর্তটা উপভোগ করতাম।" খানিকটা হকচকিয়ে জাফরকে সাংবাদিকের পালটা প্রশ্ন, "আপনার বক্তব্য অনুযায়ী বলতে নিরাপত্তাহীনতায় ভুগতেন? নাকি আপনার অস্বস্তি হত?" তখন আলির সাফাই, "না না! আমার বেশ ভালই লাগত।"
গায়কের এই উত্তরে সাংবাদিকের সপাট জবাব, এক্ষেত্রে তাহলে 'ধর্ষণ' শব্দটা মোটেই গ্রহণযোগ্য নয়। পুরনো সাক্ষাৎকার সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনায় বিদ্ধ গায়ক-অভিনেতা আলি জাফর। শুধু শব্দের অপব্যবহারের জন্যই নয়, বলি ডিভা ইয়ামি গৌতমের সঙ্গে একটি সাক্ষাৎকারও এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। যেখানে অভিনেত্রী জানিয়েছিলেন যোদ্ধা রাজকুমারী তাঁর পছন্দের চরিত্র এবং সুযোগ পেলে অভিনয় করতে চান। আলি খোঁচা মেরে বলেছিলেন, "যোদ্ধা রাজকুমারীদের কিন্তু পা দেখা যায়।"
উল্লেখ্য, শ্রদ্ধা কাপুর, পরিণীতি চোপড়ার মতো প্রথম সারির অভিনেত্রীরাও আলির কথায় অস্বস্তিতে পড়েছিলেন। পাক গায়ক-অভিনেতা আলি জাফরের পুরনো ভিডিও অতীতের বিতর্কে আগুনে ঘি ঢালার কাজ করল সে কথা বলাই বাহুল্য। প্রসঙ্গত, বলিউডের বেশ কিছু ছবিতে আলির অভিনয় দর্শকমহলে প্রশংসিত। মেরে ব্রাদার কি দুলহন, ডিয়ার জিন্দেগি-র মতো ছবিতে অভিনয়ের পর বিটাউনেও আলি জাফরের একটা বিরাট ফ্যান ফলোয়ার্স তৈরি হয়।
