২০২৫-এর ২৩ নভেম্বর গায়ক পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী তারকা ব্যাটার স্মৃতি মন্ধানার (Smriti Mandhana)। প্রাক বিবাহ অনুষ্ঠানের নানান রঙিন মুহূর্তও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন প্রাক্তন জুটি। কিন্তু, জীবনের নতুন ইনিংস শুরুর আগেই সব শেষ। বহু বিতর্কের মাঝেই সম্পর্কে ইতি টানেন। তবে ঠিক কী কারণে এই বিচ্ছেদ সেই নিয়ে আজও মুখে কুলুপ এটে রয়েছেন পলাশ-স্মৃতি। ঘটনার পাঁচ মাস পর ফের পরিচালনায় ফিরছেন পলাশ। 'সাই বাবা'-কে নিয়ে 'তেরা সাই' সিনেমা তৈরির কথা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউডের দাপুটে অভিনেতা সঞ্জয় মিশ্র (Sanjay Mishra)।
ভিন্ন স্বাদের চরিত্রে সঞ্জয়ের অভিনয় পর্দায় উপভোগ করে দর্শক। এবার 'সাই বাবা'-র আশীর্বাদ নিয়ে নতুন জার্নির প্রস্তুতি শুরু করবেন সঞ্জয়। পলাশ মুচ্ছল সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানেই দেখা যাচ্ছে শিরডিতে সাই বাবার মন্দিরে আশীর্বাদ নিচ্ছেন পরিচালক-অভিনেতা। সঙ্গে ছিলেন শিরডির শ্রী সাই বাবা সংস্থার ট্রাস্টের ডেপুটে চিফ এক্সিকিউটিভ অফিসার ভ্রিমরাজ দরাদে।
সাই বাবার বেশে সঞ্জয় মিশ্রের মনোক্রম লুকের সঙ্গে 'তেরা সাই'-এর পোস্টার শেয়ার করেছেন পলাশ মুচ্ছল। সঞ্জয় মিশ্রও তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন নতুন ছবির পোস্টার। চলতি বছরের শেষেই পলাশের নির্দেশনায় বড় পর্দায় মুক্তি পাবে 'তেরা সাই' (Tera Sai)।
প্রসঙ্গত, স্মৃতি মন্ধানার সঙ্গে নির্ধারিত বিয়ের দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। তখনই বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় দুই পরিবার। পরদিন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয় পলাশকেও। প্রায় তিনদিন চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছাড়া পান দু’জনে।
তবে এই সময়ের মধ্যেই জল্পনা ছড়ায়, বিয়ের অনুষ্ঠান চলাকালীনই নাকি এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় পলাশকে। বিশ্বজয়ী ক্রিকেটারের সঙ্গে বিশ্বাসঘাতকা করেছেন পলাশ, এই নিয়ে জোর চর্চা শুরু হয় নেটদুনিয়ায়। ফাঁস হয় পলাশের একাধিক ঘনিষ্ঠ চ্যাট।
একের পর এক মহিলার নাম উঠে আসে জল্পনায়। এরপর ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ বিবৃতি দিয়ে স্মৃতি বলেন, 'গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে বহু রটনা চলছে। আমি নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখতেই পছন্দ করি। তাই জানিয়ে দিতে চাই, আমার বিয়ে আপাতত বাতিল।'
