তালসারিতে শুটিং করতে গিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতির শোক এখনও সামলে উঠতে পারেনি টালিগঞ্জ স্টুডিওপাড়া। এর মাঝেই ফের দুঃসংবাদ আছড়ে পড়ল টেলিপাড়ায়। অকালেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন ইন্ডাস্ট্রির আরেক অভিনেতা।
মঙ্গলবার সকাল। ইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মী, স্বজনরা যখন রাহুলের স্মৃতিচারণায় আবেগতাড়িত, শোকবিহ্বল, তখন এমন আবহেই টেলিঅভিনেতা প্রণব চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে এল। বছরখানেক ধরেই টেলিদুনিয়ার সঙ্গে জড়িত অভিনেতা। একাধিক সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে সবে নিজের পরিচিতি গড়ে তুলছিলেন। কিন্তু মাত্র ৩৩-এই সব শেষ হয়ে গেল। প্রথমটায় মৃত্যুর কারণ জানা না গেলেও সূত্রের খবর, আচমকাই হৃদরোগে আক্রান্ত হন প্রণব চট্টোপাধ্যায়। এরপর তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ রক্ষা করা যায়নি! মাত্র তেত্রিশেই ইহজগতের মায়া কাটিয়ে বিদায় নিলেন টেলিপাড়ার আরেক অভিনেতা।
প্রণব মূলত ছোটপর্দায় একাধিক সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করতেন। কালার্স বাংলার 'বসন্ত বিলাস মেসবাড়ি', জি বাংলার 'ভগবান দাস'-এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। আটচল্লিশ ঘণ্টার মধ্যে দুই অভিনেতার এহেন অকাল প্রয়াণে শোকবিহ্বল বাংলা টেলিদুনিয়া।
মঙ্গলবার সকালে প্রণবের প্রয়াণের খবর প্রথম প্রকাশ্যে আনেন অলোকানন্দা গুহ। ফেসবুক পোস্টে অভিনেত্রী লেখেন, "ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি না বোন, আমি আর পারছি না, কাজের খুব দরকার। এটাই বলেছিলে তো? আমি নিজের কাজে তোমায় ডাকি, কারন অভিনয় তুমি খুব ভালোই করতে দাদা। বলেছিলাম আমার আরও অনেক কাজ করবে তুমি। কিন্তু এটা আমি কি শুনলাম? সব ছেড়ে চলে গেলে? আমি কিছুই করতে পারলাম না..।" প্রণবের মৃত্যুতে ভেঙে পড়েছেন 'হরগৌরী পাইস হোটেল'-এর পরিচালক পাভেল ঘোষও। প্রণবের সঙ্গে অতীত ছবি পোস্ট করে তাঁর শোকপবার্তা, 'তোমাকে আর বকার সুযোগ হবে না…।' প্রণব মূলত ছোটপর্দায় একাধিক সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করতেন। কালার্স বাংলার 'বসন্ত বিলাস মেসবাড়ি', জি বাংলার 'ভগবান দাস'-এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। আটচল্লিশ ঘণ্টার মধ্যে দুই অভিনেতার এহেন অকাল প্রয়াণে শোকবিহ্বল বাংলা টেলিদুনিয়া।
