shono
Advertisement
Anupam Kher

'প্রতিবাদের ভাষা শালীন হওয়া উচিত', মোদিকে বিঁধতেই 'জেন জি'কে তুলোধোনা, পালটা কটাক্ষ অনুপমকে

মোদি বিরোধীদের একহাত নিতেই ব্যাপক ট্রোলের শিকার অনুপম খের।
Published By: Kasturi KunduPosted: 12:16 PM Jul 27, 2026Updated: 01:44 PM Jul 27, 2026

নিট কেলেঙ্কারিতে ছাত্র আন্দোলনের সময় বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) অপমান! কখনও অভিযোগের তির বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্রের দিকে তো কখনও আবার মোদির উদ্দেশে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগ নিশানায় তরুণ প্রজন্ম। দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এহেন 'ছ্যাবলামি'র কড়া সমালোচনা করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি সমর্থক অনুপম খের। এক্স হ্যান্ডেলে মোদি বিরোধীদের একহাত নিয়েছেন অভিনেতা। অতঃপর ব্যাপক ট্রোলিংয়ের শিকার অনুপম খের (Anupam Kher)।

Advertisement

ইন্ডাস্ট্রির সকলে কাছে তিনি স্পষ্টবক্তা হিসেবেই পরিচিত। নিজের মত জানাতে কখনও আপস করেন না। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। দিল্লির যন্তর মন্তরে প্রায় একমাসব্যাপী আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। 'জেন জি'র অদম্য জেদে দর্প চূর্ণ, এই ঘটনাকে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে এই আন্দোলনের কিছু ভুল ত্রুটি নিয়েও সরব হয়েছেন অনুপম।

অনুপমের বক্তব্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে যে ধরনের অপমানজনক ও অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে, তা দেখে অত্যন্ত ব্যথিত ও হতাশ। তাঁর কথায়, "যেভাবে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির বিরুদ্ধে অপমানজনক ও অশোভন ভাষা ব্যবহার করা হয়েছে তা দেখে মন ব্যথিত হয়েছে। আমরা যে কোনও নেতা সম্পর্কে দ্বিমত পোষণ করতে পারি। তাঁর নীতির কঠোর সমালোচনাও করতে পারি। কিন্তু যখন গালিগালাজ শুরু হয় তখন সেটা প্রতিবাদের গণ্ডি পেরিয়ে নতুন বিতর্কের জন্ম দেয়।"

দুঃখের কারণ বাতলে অনুপমের বক্তব্য, "বিরোধিতা করা হয়েছে বলে আমার খারাপ লেগেছে এমনটা নয়। গণতন্ত্রে বিরোধিতা স্বাভাবিক। কিন্তু, সেখানে যদি ভাষার শালীনতাই না থাকে সেটাই দুঃখের কারণে পরিণত হয়। আমরা অবশ্যই দ্বিমত পোষণ করব। অবশ্যই প্রশ্ন করব। ক্ষমতাসীনদের কাছ থেকে জবাবও চাইব। কিন্তু আমাদের শব্দভাণ্ডারকে এতটা নিম্নরুচির হতে দেব না। যাতে বক্তব্য পশ করার আগেই চরিত্রহনন হয়।"

ভিডিওবার্তার পরই চরম কটাক্ষের শিকার হন অনুপম খের। এক নেটিজেনের খোঁচা, 'বয়সেও দালালি করবে, আর তরুণদের সংস্কারের কথা শেখাবে?' এছাড়াও আরও তীব্র কটাক্ষবাণে বিদ্ধ হয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement