রবিবার ভোররাতে বলিউডের খ্যাতনামা পরিচালক রোহিত শেট্টির বাড়িতে কমপক্ষে পাঁচ রাউন্ড গুলি চলে। ইতিমধ্যেই ঘটনার দায়স্বীকার করে নিয়েছে বিষ্ণোই গ্যাং। বিগত আড়াই দশক ধরে লাগাতার খুনের হুমকি ছুঁড়েও সলমন খানের 'টিকি' পায়নি বিষ্ণোইরা। অতঃপর যত্ত রাগ গিয়ে পড়েছে ভাইজান ঘনিষ্ঠদের উপর। বিগত বছরগুলিতে সলমনের কাছের মানুষদের নানাভাবে ধমকে-চমকে হুঁশিয়ারি দেগেছে এই নিষিদ্ধ গোষ্ঠী। এবার বিষ্ণোইদের টার্গেটে গোটা বলিউড।
পরের গুলিটা ওর বাড়ির বাইরে নয়, একেবারে বেডরুমে চলবে। ওই গুলিটা রোহিতের বুকেও লাগতে পারে! আর হ্যাঁ, এটা বলিউডের উদ্দেশে হুঁশিয়ারি দাগলাম।
রবিবার রোহিত শেট্টির বাড়িতে গোলাগুলি করে হিন্দি সিনেইন্ডাস্ট্রিকে সতর্ক করল বিষ্ণোই গ্যাং। আর সেটাই আপাতত উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলিপাড়ায়। কারণ, 'সিংহম' পরিচালকের বাড়িতে গুলি চালানোর পরই বিস্ফোরক মন্তব্য করেছে নিষিদ্ধ গোষ্ঠীর তিন সদস্য শুভম লঙ্কর, আরজু বিষ্ণোই এবং হরি 'বক্সার' হাসান শম্ভু। তাদের কথায়, "এটা তো ছোট্ট একটা ট্রেলার ছিল... এরপর তোদের বেডরুমে ঢুকে মারব।" এখানেই শেষ নয়। বিষ্ণোইদের তরফে এক বিবৃতিতে উল্লেখ, "রাম রাম, জয় বজরং বালি। আজ মুম্বইতে রোহিত শেট্টির বাড়িতে যে গোলাগুলি হয়েছে, সেটা আমরাই করিয়েছি। বহুবার ওকে সতর্ক করেছি যে আমাদের কাজে যেন নাক না গলায়, কিন্তু শোনেনি। সেইজন্যেই রোহিত শেট্টিকে একটা ছোট্ট ট্রেলার দেখালাম। ভবিষ্যতেও যদি এমন ঘটনার পুনরাবৃত্তি হয় কিংবা আমাদের কথা বুঝতে ওর অসুবিধে হয়, তাহলে পরের গুলিটা ওর বাড়ির বাইরে নয়, একেবারে বেডরুমে চলবে। ওই গুলিটা রোহিতের বুকেও লাগতে পারে! আর হ্যাঁ, এটা বলিউডের উদ্দেশে হুঁশিয়ারি দাগলাম।"
প্রসঙ্গত, মুম্বইয়ের জুহুর বাসিন্দা পরিচালক রোহিত শেট্টি। সেখানে শেট্টি টাওয়ার নামে এক বহুতলে থাকেন তিনি। রবিবার ভোররাতে তাঁর বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালায় বিষ্ণোইরা। খবর পেয়েই ছুটে যান পুলিশ আধিকারিকরা। তৎক্ষণাৎ বাড়ানো হয় এলাকার নিরাপত্তা। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পরিচালকের ব্যালকনি থেকে নমুনাও সংগ্রহ করা হয়েছে। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে বিটাউনে।
