সিনেদুনিয়ার গুঞ্জনেই আগাম আভাস মিলেছিল যে, ফেব্রুয়ারি মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রশ্মিকা মন্দানা, বিজয় দেবেরাকোন্ডা। তবে সেসময়ে জানা যায়, প্রেমদিবসের পর দুই দক্ষিণী তারকার চারহাত এক হবে। তবে শনিবার বিমানবন্দরে 'হবু কনে'র ব্যস্ততা আর গ্ল্যামারের চাকচিক্যেই সিনেদুনিয়ার অন্দরে ফিসফাস শুরু হয়! পাপারাজ্জিরাও রশ্মিকা মন্দানাকে সপাট প্রশ্ন ছুড়েছিলেন, 'কই আমাদের তো নিমন্ত্রণ করলেন না?' যা শুনে হাসি চেপে রাখতে পারেননি পর্দার 'শ্রীবল্লী'। এবার উদয়পুরের রাজকীয় প্রাসাদ থেকে ফাঁস হওয়া ভিডিওয় ইঙ্গিত, রাত পোহালেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয়-রশ্মিকা।
রাত পোহালেই বিজয়-রশ্মিকার রাজকীয় বিয়ে! ছবি- সংগৃহীত
ভাইরাল ওই ভিডিওটিতে জমকালো বিয়ের আসরের ঝলক দেখা যাচ্ছে। লাল রঙের ভেলভেট কাপড়, রকমারি ফুলে সেজে উঠছে রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডার বিয়ের আসর। তড়িৎকর্মা ইভেন্ট উদ্যোক্তাদের শশব্যস্ততাই বলে দেয় শেষমুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। সারি সারি পিতলের নানা মূর্তি, বাসনের ঝলকও মিলল সেখানে। বিজয়-রশ্মিকার বিয়ের আসরকে রাজকীয় কোনও পিরিয়ড ড্রামার শুটিংয়ের সেট বললেও অত্যুক্তি হবে না! ইভেন্ট টিমের জনৈক সদস্যই সেই রাজসূয়যজ্ঞের মুহূর্ত ক্যামেরাবন্দি করে নেটপাড়ায় ভাইরাল করেছেন। তাঁদের উচ্ছ্বাসের বাঁধ যেন কিছুতেই মানছে না। আর সেই ভিডিও থেকেই ২ ফেব্রুয়ারি বিজয়-রশ্মিকার বিয়ের গুঞ্জনের সূত্রপাত।
গত ডিসেম্বরেই জানা গিয়েছিল যে, কাকপক্ষীতেও যেন টের না পায়, সেইজন্য রাজস্থানের উদয়পুরের কোনওস হেরিটেজ প্রাসাদে মালাবদল করতে চলেছেন দক্ষিণী তারকাজুটি। সেই জল্পনাতেই সিলমোহর বসাল ভাইরাল ওই ভিডিও। বলিউড মাধ্যম সূত্রে খবর, পয়লা ফ্রেব্রুয়ারি থেকেই রশ্মিকা মন্দানা, বিজয় দেবেরাকোন্ডার বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। রবিবার মেহেন্দি, সঙ্গীতানুষ্ঠান এবং ককটেল পার্টির পর সোমবার উভয় পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে দম্পতি হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তারকাজুটি। তাহলে কি ২ ফেব্রুয়ারিই সাতপাক ঘুরছেন বিজয়-রশ্মিকা? অনুরাগীমহলের পাখির চোখ সেদিকেই।
