shono
Advertisement

Breaking News

Cocktail 2 Trailer

'এক ফুল দো মালি', প্রেম-বিচ্ছেদের 'ককটেল'-এ নাস্তানাবুদ শাহিদ! ত্রিকোণ সম্পর্কে জড়ালেন?

অভিনেতার 'রোমিও' অবতারেই এবার সরগরম সেলেব পাড়া। শাহিদ কাপুর নাকি ত্রিকোণ প্রেমের সম্পর্কে জড়িয়েছেন! ব্যাপারটা ঠিক কী?
Published By: Sandipta BhanjaPosted: 05:21 PM Jun 02, 2026Updated: 06:03 PM Jun 02, 2026

শাহিদ কাপুর। বিতর্কের সাতে-পাঁচে যেমন থাকেন না, তেমনই ব্যক্তিগতজীবনও বরাবর লাইমলাইটের অন্তরালে রাখতে ভালোবাসেন। কিন্তু সেই অভিনেতার 'রোমিও' অবতারেই এবার সরগরম সেলেব পাড়া। শাহিদ কাপুর নাকি ত্রিকোণ প্রেমের সম্পর্কে জড়িয়েছেন! দুই নারীর সঙ্গে প্রেম-বিচ্ছেদের 'ককটেল'-এ একেবারে নাস্তানাবুদ অভিনেতা। ব্যাপারটা ঠিক কী?

Advertisement

শাহিদ ত্রিকোণ প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ঠিকই, তবে সেটা রিয়েল লাইফে নয়, রিল লাইফে। আসলে মঙ্গলবার প্রকাশ্যে এসেছে বহু প্রতীক্ষিত 'ককটেল ২' সিনেমার ট্রেলার (Cocktail 2 Trailer)। সেখানেই রশ্মিকা মন্দানা এবং কৃতী শ্যাননের সঙ্গে শাহিদের রোম্যান্টিক সমীকরণ দেখা গেল। ২০১২ সালের ব্লকবাস্টার ছবি 'ককটেল'। যে সিনেমায় সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন এবং ডায়ানা পেন্টির প্রেম-বন্ধুত্বের আখ্যান ধরা পড়েছিল। বর্তমান প্রজন্মের সেই ভাব-ভালোবাসার গল্প বাজিমাত করেছিল বক্স অফিসেও। তখন থেকেই সিক্যুয়েলের অপেক্ষায় প্রায় চাতক পাখির দশা দর্শক, অনুরাগীদের। তবে এবার কাস্টিং বদলে পুরনো বোতলে নতুন ওয়াইন পরিবেশন করলেন নির্মাতারা। কিন্তু সেই সুরাতে কি মন ভিজবে দর্শকমহলের? কৌতূহল অমূলক নয়।

'ককটেল ২'-এর দৃশ্যে রশ্মিকা মন্দানা, কৃতী শ্যানন, শাহিদ কাপুর।

ট্রেলার প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই ২০১২ সালের ব্লকবাস্টার 'ককটেল'-এর সঙ্গে তুলনা শুরু হয়েছে। ট্রেলারেও অতীত ছবির গানগুলিকে রিমেকের আকারে দেখানো হয়েছে। তবে সিক্যুয়েল হলেও সিনেমার গল্প নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করেননি নির্মাতারা। কীরকম? শাহিদ, কৃতী ও রশ্মিকার চরিত্রের মধ্য দিয়ে বন্ধুত্ব, প্রেম, মান-অভিমান, বিচ্ছেদের গল্প ফুটিয়ে তোলা হয়েছে 'ককটেল ২'-তে। ট্রেলারের প্রথমেই শাহিদকে বলতে শোনা যায়, "যখন কোনও সম্পর্ক নতুন থাকে, তখন সেটা বেশ রোমাঞ্চকর মনে হয়। কারণ সেটা নতুন। নতুন বন্ধুরাও বেশ মজার হয়, কারণ তাদের জীবনের গল্পগুলো আমাদের কাছে বেশ উপভোগ্য মনে হয়।" কিন্তু তারপর? গল্পের প্রেক্ষাপট চলে যায় ইটালিতে। একদিকে শাহিদ-রশ্মিকার প্রেম, অন্যদিকে বাঁধনছাড়া বিহঙ্গ কৃতী। বন্ধুত্বের খাতিরে একসূত্রে বাঁধলেও পরবর্তীতে শাহিদকে নিয়ে ঝামেলা বাঁধে দু'জনের মধ্যে। তারপর? বাকিটা জানতে হলে অপেক্ষা করতে হবে জুনের ১৯ তারিখ অবধি। কারণ সেদিনই প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখবে 'ককটেল ২'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement