প্রসবের সময় হাসপাতালে বসে একের পর এক ভিডিও করে বিতর্কে জড়িয়েছিলেন কন্টেন্ট ক্রিয়েটর দোলা (Dola Parama Debnath)। এবার বেবি শুট করে নতুন করে চর্চায় সে। এত ছোট্ট বাচ্চাকে নানারকম পোশাক পরিয়ে দীর্ঘক্ষণ ক্যামেরার সামনে রাখা কতটা ঠিক, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বিতর্ক তুঙ্গে উঠতেই ফলোয়ারদের একহাত নিলেন সেই ক্রিয়েটর। বললেন, "মায়ের চেয়ে মাসির দরদ বেশি।"
ক্রিয়েটর দম্পতি লিটন ও দোলা। ছবি- সোশাল মিডিয়া
বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন বহু মানুষের পেশা হয়ে দাঁড়িয়েছে। ডেইলি লাইফ ভ্লগিং অর্থাৎ নিত্য নৈমিত্তিক কাজ ভিডিও আকারে পোস্ট করে মাসে মোটা টাকা উপার্জন করছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন উত্তর ২৪ পরগনার বাসিন্দা এক ক্রিয়েটর দম্পতি। মাস দেড়েক আগে তাঁদের কোল আলো করে এসেছে কন্যা সন্তান। সেই সময় হাসপাতালে বসে একের পর এক ভিডিও পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন এই ক্রিয়েটররা। এবার চর্চায় তাঁদের বেবি শুট। গত কয়েকদিন ধরেই সন্তানের ফটোশুটের নানামুহূর্তে পোস্ট করছেন ওই দম্পতি। কোথাও খুদেকে ডিমের কুসুমের মতো করে সাজানো হয়েছে। কোথাও আবার পার্লার মোডে সে।
এই পোস্টের কমেন্টে অধিকাংশই বলেছেন, এই বয়সে খুদেকে এভাবে সাজানো, ক্যামেরার সামনে দীর্ঘক্ষণ শুট ঠিক নয়। কেউ কেউ আবার বিঁধে বলেছেন, সন্তানকে উপার্জনের জন্য ব্যবহার করা হচ্ছে। তা নিয়েই এবার ফলোয়ারদের পালটা দিলেন ওই দম্পতি। এবিষয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তাঁরা। সেখানেই খুদেকে কোলে নিয়ে দোলা বলেন, "ফটো শুট নিয়ে অনেকে অনেক কথা বলছেন। মায়ের চেয়ে মাসির দরদ বেশি! আমাদের সন্তানকে আমাদের থেকে বেশি কেউ ভালোবাসে না। তাই ওর ক্ষতি হতে পারে এমন কিছু আমরা করিনি। করবও না। আর রইল কথা ব্যবসার, আমার মেয়ে...।" এখানেই শেষ করেননি তিনি। দোলা আরও দাবি করেছেন, সন্তানকে তিনি কখনই উপার্জনের জন্য ব্যবহার করেননি। মেয়ে হওয়ার পর তাঁদের আয় বেড়েছে তেমনটাও নয়। দোলার এই মন্তব্য একেবারেই ভালোভাবে নেননি ফলোয়াররা। কমেন্ট বক্স জুড়ে শুধুই কটাক্ষ।
