১ জুন, ২০২৬ পরিচালক হিসেবে পথচলা শুরু করেছিলেন মেগাস্টার দেব। মান-অভিমান ভুলে শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধে 'দেশু ৭'-এর ঘোষণা করেছিলেন। এই ছবির হাত ধরে দেব-শুভশ্রীর গ্র্যান্ড কামব্যাকের পাশাপাশি পরিচালক হিসেবেও হাতেখড়ি দেবের। সবমিলিয়ে 'দেশু ৭' ঘিরে ভক্তদের অ্যাড্রিনালিন রাশ একেবারে তুঙ্গে। কখনও শুটিংয়ের দৃশ্য ফাঁস তো কখনও আবার 'দেশু ৭'-এ 'কিশোরী' ইধিকা যোগের কানাঘুষো। ৪ আগস্ট, মঙ্গলবার 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের বর্ষপূর্তিতেও দেব-শুভশ্রীর 'লাভিডাভি' মুহূর্ত ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। যা ঘিরে হয়েছে অনেক আলোচনা-সমালোচনা। এবার বিমানবন্দরে 'প্রাক্তন'-এর সঙ্গে ভাইরাল দেবের আরও এক মুহূর্ত।
সুপারস্টার দেবের ফ্যানপেজ থেকে ছড়িয়ে পড়েছে ছোট্ট একটি ক্লিপিং। যেখানে আপাদমস্তক কালো পোশাক আর চোখে রোদচশমায় লেন্সবন্দি দেব। বিমানবন্দরে পা রেখেই সেখানে উপস্থিত সকলের উদ্দেশে হাসিমুখে করজোড়ে পোজ দেন মেগাস্টার। কিছুক্ষণের মধ্যেই দেখা মেলে টলিউডের 'লেডি সুপারস্টার' শুভশ্রী গঙ্গোপাধ্যায়েরও। সহ-অভিনেত্রীকে উষ্ণ আলিঙ্গন দেবের। দাবানলের গতিতে ভাইরাল সেই বিশেষ মুহূর্ত।
অভিনেতার ফ্যানক্লাবের তরফে দাবি, লাদাখ থেকে শুটিং শেষ করে শহরে ফিরেছেন 'দেশু'। বাড়ি যাওয়ার পথে পরস্পরকে আলিঙ্গনের সেই মুহূর্ত যেন আরও একবার জুটির ভক্তদের ফিরিয়ে নিয়ে গেল সেই পুরনো দিনগুলোতে! সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে 'দেশু ৭'-এর শুটিংয়ের দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে ফুল দিয়ে সাজানো একটি গাড়িতে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রীর পরনে সরু পাড়ের হালকা রঙের শাড়ি, গলায় ফুলের মালা।
মেকআপের খুব একটা চাকচিক্য নেই বললেই চলে। পাশেই রয়েছেন অনির্বাণ, তাঁর গলাতেও রয়েছে ফুলের মালা। একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে গাড়িতে লাগানো একটি রাজনৈতিক দলের পতাকা। এসকল দৃশ্য ইঙ্গিত দিচ্ছে, 'দেশু ৭' রাজনৈতিক প্রেক্ষাপটের আবহে তৈরি। এর আগে সিনেমার প্রথম ঝলকেও মিলেছিল এমনই ইঙ্গিত।
গোলাগুলি, যুদ্ধজর্জর অগ্নিগর্ভ পরিস্থিতিতে একে-অপরকে আগলে রেখেছেন দেব-শুভশ্রী। অভিনেতার কাঁধে বন্দুক। পরনে জামা রক্তাক্ত। অন্যদিকে ভালোবাসার পরশে দেবের দিকে চেয়ে শুভশ্রী। রক্তে ভেজা সাদা সালোয়ার। প্রথম পোস্টারেই ভিন্ন স্বাদের গল্পের ইঙ্গিত দিয়েছেন দেশু জুটি। পুজোয় পর্দায় যে এবার ব্লকবাস্টার ঝড় বইবে, মিলেছে তেমন আভাসও।
