গণপতি বাপ্পার আগমনে মায়ানগরীর পাশাপাশি টালিগঞ্জ স্টুডিওপাড়াতেও সাজসাজ রব। আমজনতার মতো সেলেবরাও গজাননের আরাধনায় মেতেছেন। এমন উৎসবমুখর দিনে লাইট,ক্যামেরা, অ্যাকশন দুনিয়ার ব্যস্ততা সরিয়ে কেউ ঠাকুরঘরে পুজোর জোগাড়ে ব্যস্ত, তো কেউ বা পরিবারের সদস্যদের নিয়ে নিষ্ঠাভরে গণপতির আরতি করলেন। কেউ বা গণেশ চতুর্থীতে তাক লাগালেন মারাঠি সাজে।
সামনেই দুর্গাপুজো। হাতে আর মাত্র ক'দিন। তার প্রাক্কালেই বাংলায় গণেশপুজোর আবহে যেন দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়ল। পাড়ায় পাড়ায় লম্বোদরের আরাধনা। বাংলা সিনেমার সেলেব পাড়ার সদস্যরাও বাদ নেই। সকাল থেকে টলিউড সুপারস্টার জিতের বাড়িতে ব্যস্ততা তুঙ্গে। গণেশ চতুর্থী বলে কথা। ফি বছর পরিবারের সঙ্গে গণপতি উৎসবে শামিল হন 'টলিপাড়ার বস'। এবারেও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকে স্ত্রী মোহনার সঙ্গে ঠাকুরঘরে শশব্যস্ত জিৎ। পরনে হালকা হলদে রঙের পাঞ্জাবি। স্ত্রী মোহনা ঘোমটা টেনে সুপারস্টার স্বামীর সঙ্গে আরতি করলেন। লাড্ডু, মোদক, রকমারি ফল-সহ পঞ্চব্যঞ্জনে সাজানো ভোগের থালা। মেনুতে মিষ্টান্ন রয়েছে। গণপতির কাছে সকলের সুখ-সমৃদ্ধি, সাফল্যকামনা করলেন জিৎ।
গণেশ পুজোর আসরে মারাঠি সাজে নজর কাড়লেন দিতিপ্রিয়া রায়। পরনে ময়ূরকণ্ঠী রঙের দক্ষিণী সুতির শাড়ি। নাকে নথনি, ছোট্ট টিপ, হালকা লিপস্টিকে স্নিগ্ধ সাজে দেখা গেল অভিনেত্রীকে। লাল পেড়ে ঘিয়ে শাড়িতে সোমবার গজাননের পুজো করলেন উষসী রায়। অভিনেত্রীর প্রার্থনা, গণেশ চতুর্থীতে গণপতির আশীর্বাদে যেন সকলের জীবন শান্তি, সুখ আর সমৃদ্ধিতে ভরে ওঠে।
