বিতর্ক আর বাদশা যেন একে-অপরের সমার্থক! গানের কথা থেকে দৃশ্যায়ন, একাধিকবার নিজের সৃষ্টির কারণে সমালোচনায় জড়িয়েছেন খ্যাতনামা ব়্যাপার। এবার তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত 'টাটিরি' গানের দৃশ্যায়ণে নারীদের আপত্তিকরভাবে তুলে ধরায় ফের বিতর্কের শিরোনামে নাম লিখিয়েছেন। বিতর্কের স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে বাদশার গানের কথাতেও। যার জেরে একাধিক এফআইআর দায়ের হয়েছে ব়্যাপারের বিরুদ্ধে। গায়ককে তলব করেছিল হরিয়ানা মহিলা কমিশনও। চলতি বিতর্কের আবহে এবার বাদশার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করল হরিয়ানা পুলিশ।
বাদশাকে তলব মহিলা কমিশনের। ছবি- সংগৃহীত
পয়লা মার্চ ‘টাটিরি’ গানটি নিজের সোশাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে রিলিজ করেন বাদশা। যদিও প্রথমটায় এই হরিয়ানভি গান শুনে অনুরাগীরা উল্লাস প্রকাশ করেছিলেন, তবে দিন কয়েক কাটতে না কাটতেই নিন্দার ঝড় শুরু হয় নেটভুবনে। কেন? কারণ গানের কথা ও দৃশ্যে নারীদের 'ভোগ্যপণ্য' হিসেবে দেখানোর অভিযোগে রে-রে করে উঠেছে শ্রোতামহল। ওই মিউজিক ভিডিওর গোড়াতেই দেখা যায়, কাঁধের ব্যাগ নামিয়ে স্কুলছাত্রীরা নাচতে শুরু করেছে। তার সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি এবং নেপথ্যে গানের চটুল কথা। আর এহেন যৌন ইঙ্গিতমূলক গানে আপত্তি তুলে বাদশার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিল হরিয়ানা মহিলা কমিশন। অন্যদিকে মুলায়ম সিং যাদবের পূত্রবধূ অপর্ণা যাদবও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীকে একটি চিঠি লিখে সংশ্লিষ্ট রাজ্যে বাদশার উপর নিষেধাজ্ঞা জারির আবেদন করেছিলেন। এবার সেই প্রেক্ষিতেই আন্তর্জাতিক খ্যাতনামা সম্পন্ন ব়্যাপারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল হরিয়ানা পুলিশ।
হরিয়ানা পুলিশের ডিজিপি অজয় সিংঘল জানিয়েছেন, "নারী ও নাবালিকাদের মর্যাদা ক্ষুণ্ণ করে এহেন কন্টেন্টের ক্ষেত্রে আমরা 'জিরো টলারেন্স' নীতির পক্ষে হাঁটব। কাউকে রেয়াত করা হবে না।...."
খবর, ইতিমধ্যেই সোশাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্ম থেকে বাদশার বিতর্কিত 'টাটিরি' গানের লিংক সরিয়ে নেওয়া হয়েছে। পঞ্চকুলা পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত 'টাটিরি' গান ব্যবহার করা হয়েছে এমন ৮৫৭টি কন্টেন্ট মুছে ফেলা হয়েছে। যার মধ্যে ১৫৪টি ইউটিউব ভিডিও এবং ৭০৩টি ইনস্টাগ্রাম রিল। সংশ্লিষ্ট সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সাথে যোগাযোগ করেই লিংকগুলি অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। এপ্রসঙ্গে হরিয়ানা পুলিশের ডিজিপি অজয় সিংঘল জানিয়েছেন, "নারী ও নাবালিকাদের মর্যাদা ক্ষুণ্ণ করে এহেন কন্টেন্টের ক্ষেত্রে আমরা 'জিরো টলারেন্স' নীতির পক্ষে হাঁটব। কাউকে রেয়াত করা হবে না।" পাশাপাশি বাদশার 'টাটিরি' গানটি যাতে সোশাল মিডিয়ায় আর প্রচার না করা হয়, সেজন্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলির উপরও কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
খবর, হরিয়ানার পঞ্চকুলার সেক্টর ২০’র সাইবার ক্রাইম শাখায় বাদশার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অভয় চৌধুরী নামে জনৈক ব্যক্তি। তাঁর দাবি, এই গানটিতে নারীদের অশ্লীল এবং অসম্মানজনকভাবে তুলে ধরা হয়েছে। স্কুলের পোশাকে পড়ুয়াদের এমন নাচ, অঙ্গভঙ্গি দেখলে বর্তমান প্রজন্মের কাছে ভুল বার্তা যাবে। আর সেই প্রেক্ষিতেই ব়্যাপার বাদশার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে হরিয়ানায়।
