তালসারিতে মর্মান্তিক ঘটনার ৭২ ঘণ্টায় পেরলেও 'চুপ' ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স! রাহুলের মৃত্যুর চব্বিশ ঘণ্টার মধ্যেই অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ এবং ক্ষতিপূরণের দাবি তোলা হয়। তবুও গত তিন দিনে 'টুঁ' শব্দটি করেনি সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা! ফলত, এইমুহূর্তে ক্রমাগত কটাক্ষের মুখে পড়তে হচ্ছে সিরিয়াল নির্মাতাদের। ঘটনায় মুখ খুলে প্রশ্নের মুখে পড়তে হয়েছে চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়কেও! এমন আবহে বড় সিদ্ধান্ত নিলেন পরিচালক-লেখিকা। রাজ্যের মহিলা কমিশনের সভাপতি পদ ছাড়তে চলেছেন লীনা।
বুধবার দুপুরেই জানা যায়, ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার। তার ঠিক পরই লীনা গঙ্গোপাধ্যায়ের মহিলা কমিশনের সভাপতি পদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানালেন সহকর্মী শৈবাল বন্দ্যোপাধ্যায়। রাহুল অরুণোদয় বন্দ্যেপাধ্যায়ের মৃত্যুতদন্ত যাতে নিরপেক্ষভাবে হয়, সেকারণেই চিত্রনাট্যকার এমন সিদ্ধান্তের পথে হেঁটেছেন বলে খবর।
নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজ্যের মহিলা কমিশমনের চেয়ারপার্সন পদ থেকে অব্যাহতি নিলেন লীনা গঙ্গোপাধ্যায়। ছবি- ফেসবুক
এর আগে রাহুলের প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট আসার পর সংবাদ প্রতিদিন-এর তরফে লীনা গঙ্গোপাধ্যায়কে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন, ঘটনায় মানসিকভাবে অত্যন্ত বিধ্বস্ত হয়ে পড়েছেন তিনি। যদিও ঘটনাস্থলে ছিলেন না, তবে ইউনিটের কলাকুশলীদের সঙ্গে কথা বলে লীনা জানান, “আমি যা শুনেছি, শুটিং স্পটে হাঁটু জলের বেশি জল ছিল না। ওড়িশা পুলিশও সেকথা বলেছে। ওখানে একটা ঢেউ চলে আসে, আর রাহুলের পা স্লিপ করে যায়।” স্ক্রিপ্টে কি জলে শুটিংয়ের দৃশ্য ছিল? “নিশ্চয়ই ছিল, তবে গভীর জলে ছিল না। ওই অল্প জলের জন্যই তালসারি বেছেছিলাম, নয়তো পুরী বাছা হত। গোড়ালি ভেজা জল ছিল সকালের দিকে, ওইটুকু জলে কী করে শুট করবে! তার পরে ম্যাক্মিমাম হাঁটু অবধি জল ছিল। এটা অভিনেতা-অভিনেত্রী এবং টেকনিশিয়ানরাও বলেছেন।” তালসারিতে শুটিংয়ের অনুমতি ছিল, কি ছিল না? এই প্রশ্নও ঘোরাফেরা করছে। এপ্রসঙ্গে লীনার জবাব, “সব জায়গায় একজন কো-অর্ডিনেটর সেট করা হয়। সেই কো-অর্ডিনেটরের কাছে সবকিছু দেওয়া থাকে, তখন সেই প্রোডাকশন ম্যানেজার, বলা যায়। কো-অর্ডিনেটরেরই সব অ্যারেঞ্জ করে দেখে নেওয়ার কথা। সে বলেছে, পারমিশন আছে। যেটা আমার হাতে এখনও নেই, এলেই দিয়ে দেব।" এবার নিরপেক্ষ তদন্তের দাবিতে নিজেই রাজ্যের মহিলা কমিশমনের চেয়ারপার্সন পদ থেকে অব্যাহতি নিলেন।
