shono
Advertisement
Ranbir Kapoor

রামমন্দির আঁকা জ্যাকেট পেলেন রণবীর কাপুর, 'রামায়ণে'র ঝলক উন্মোচনের আগে 'ঈশ্বরের আশীর্বাদ'

হনুমান জয়ন্তীতে গোটা বিশ্বের কাছে 'রামায়ণ'-এর মেগাবাজেট ঝলক তুলে ধরতে চলেছেন নির্মাতারা। তার প্রাক্কালেই রামমন্দির জ্যাকেট পেলেন পর্দার রাম। এবার প্রশ্ন, রণবীর কাপুরের হাতে এমন বিশেষ উপহার তুলে দিলেন কে?
Published By: Sandipta BhanjaPosted: 06:01 PM Apr 01, 2026Updated: 07:05 PM Apr 01, 2026

আর মাত্র একদিনের অপেক্ষা। রাত পোহালেই 'রামায়ণ'-এর প্রথম ঝলক উন্মোচন করবেন পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালোহোত্রা। সদ্য মার্কিন মুলুকের এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট পিরিয়ড ড্রামার টিজার দেখানো হলেও, সীমিত সংখ্যক দর্শকের জন্য সেই ব্যবস্থা করা হয়েছিল। তবে ২ এপ্রিল, হনুমান জয়ন্তীতে গোটা বিশ্বের কাছে 'রামায়ণ'-এর মেগাবাজেট ঝলক তুলে ধরতে চলেছেন নির্মাতারা। তার প্রাক্কালেই যেন 'ঈশ্বরের আশীর্বাদ' স্বরূপ এক দুর্দান্ত উপহার পেলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)।

Advertisement

"রামের আদর্শ অবিনশ্বর। বহু শতাব্দী ধরে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের বিবেক ও নৈতিকতার রক্ষক হিসেবে বিরাজমান প্রভু রাম। এবং আমাদের অবর্তমানেও তিনি একইভাবে মানুষের চেতনায় থাকবেন।"

রঘুনন্দনের চরিত্র আত্মস্থ করতে নিভৃতেই বছর তিনেক ধরে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন রণবীর কাপুর। চাবুক ফিগার গড়তে নাকি এইসময়ে ব্যায়ামাগারে নিয়ম করে হাড়ভাঙা খাটুনির মধ্য দিয়েও যেতে হয়েছে কাপুরনন্দনকে। এমনকী 'রামের সুমতি'তে ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও! যদিও সুপারস্টার কাপুরের 'আমিষ ত্যাগ' নিয়ে দ্বিমত রয়েছে, তবে নিষ্ঠার কোনও খামতি রাখেননি রণবীর। স্বাভাবিকভাবেই রণবীরকে 'রাম' অবতারে দেখার জন্য প্রায় চাতক পাখির দশা হয়েছে দর্শক, অনুরাগীদের। তবে এপ্রিলের পয়লা দিন পোহালেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। কারণ বৃহস্পতিবারই রামভক্ত হনুমানের জন্মজয়ন্তীতে 'রামায়ণ' ঝলক আসছে। তার প্রাক্কালেই লস অ্যাঞ্জেলসে শো করতে গিয়ে 'রামমন্দির জ্যাকেট' পেলেন পর্দার রাম রণবীর কাপুর। এবার প্রশ্ন, বলিউড অভিনেতার হাতে এমন বিশেষ উপহার তুলে দিলেন কে?

'রাম জ্যাকেট' হাতে রণবীর কাপুর। ছবি- সংগৃহীত

খবর, মার্কিন মুলুকে টিজার লঞ্চের শোয়ে উপস্থিত জনৈক অনুরাগী, যিনি পেশায় আদতে পোশাকশিল্পী, তিনিই 'রামায়ণ'-এর ঝলক দেখার পর রণবীরের হাতে ওই বিশেষ বন্ধগলা জ্যাকেট তুলে দিয়েছেন। লাল রঙের যে পোশাকে সোনালি সুতোয় অযোধ্যার রামমন্দিরের আদলে কারুকাজ ফুটে উঠেছে। ওই ভক্তের দাবি, ঝলকে রণবীরকে দেখে রামানন্দ সাগরের 'রাম' অরুণ গোভিলের কথা মনে পড়েছে তাঁর। উল্লেখ্য, সিনেমা ঘোষণার পর অনেকেই রামের চরিত্রে কাপুরনন্দনের কাস্টিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকী রাম হিসেবে রণবীর যে 'অযোগ্য', এমন কটাক্ষও শুনতে হয় তাঁকে। এবার জনৈক ভক্ত তাঁর সঙ্গে 'টেলিপর্দার রাম' অরুণ গোভিলের তুলনা টানায় বেজায় আপ্লুত রণবীর কাপুর। ধন্যবাদ জানিয়ে অভিনেতার মন্তব্য, "এটা সত্যিই আমার জন্য অত্যন্ত বিশেষ মুহূর্ত। এই সিনেমা আমাদের ভালোবাসার ফসল। সেই সৃষ্টিকে আপনাদের সকলের সামনে তুলে ধরতে পেরে আমরা যারপরনাই আনন্দিত। আপনারাই প্রথম যাঁরা রামায়ণ-এর ঝলক দেখার সুযোগ পেলেন।" পাশাপাশি রামমন্দির আঁকা জ্যাকেট হাতে পেয়ে খুঁটিয়ে পরখ করতেও দেখা যায় সুপারস্টার কাপুরকে। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেটভুবনের চর্চায়।

উল্লেখ্য, এই শোয়ের মঞ্চ থেকেই গোটা বিশ্বের দরবারে রামের আদর্শ, মূল্যবোধ এবং তাঁর দর্শনের কথা তুলে ধরেছিলেন সুপারস্টার কাপুর। অনুষ্ঠানে এক প্রশ্নোত্তর পর্বে 'মর্যাদা পুরুষোত্তম'-এর ঐতিহ্য নিয়ে আলোচনা চলছিল। সেখানেই 'রাম'কে মানুষের বিবেক এবং চেতনা হিসেবে ব্যাখ্যা করেন তিনি। রণবীরের কথায়, "রামের আদর্শ অবিনশ্বর। বহু শতাব্দী ধরে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের বিবেক ও নৈতিকতার রক্ষক হিসেবে বিরাজমান প্রভু রাম। এবং আমাদের অবর্তমানেও তিনি একইভাবে মানুষের চেতনায় থাকবেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement