পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি সংকটের সিঁদুরে মেঘ ভারতের আকাশেও! এমতাবস্থায় গত রবিবার দেশবাসীকে জ্বালানি ব্যবহারে সংযমী হতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, আগামী এক বছর বিদেশযাত্রা কিংবা বিদেশে গিয়ে 'বিগ বাজেট' বিয়ের পরিকল্পনায় কাটছাঁট করার পাশাপাশি সোনা কিনতেও বারণ করেছেন তিনি। জ্বালানি কম কেনার বিষয়টি বোধগম্য কিন্তু সোনায় না কেন? বিশেষত ভারতের মতো দেশে, যেখানে সোনা বিয়ে কিংবা যে কোনও উৎসবের সামাজিক রীতির সঙ্গে সম্পর্কিত, সাধারণ পরিবারের অন্যতম সম্পদও বটে, সেখানে মোদির এহেন নয়া নির্দেশিকা নিয়ে ইতিমধ্যেই ওয়াকিবহালমহলে ফিসফাস! এবার সংশ্লিষ্ট ইস্যুতে সরব প্রকাশ রাজ।
প্রকাশ বরাবরই ডানবিরোধী। যে কোনও ইস্যুতে মোদি সরকার কিংবা বিজেপিকে একহাত নেওয়ার সুযোগ হাতছাড়া করেন না। অতীতেও পদ্মশিবির বিরোধী শব্দচয়নের জেরে বিতর্কে জড়িয়েছেন দক্ষিণী তারকা। কিন্তু তবুও সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে তাঁকে। এবার দেশবাসীর উদ্দেশে মোদির নয়া নির্দেশিকায় 'অর্থনীতির ধ্বংস' দেখতে পাচ্ছেন প্রকাশ রাজ। সম্প্রতি হায়দরাবাদের এক অনুষ্ঠানে মোদি বলেন, "দেশপ্রেম মানে শুধু সীমান্তে জীবন উৎসর্গ করা নয়। দেশপ্রেম মানে দায়িত্বশীলভাবে জীবনযাপন করা এবং দৈনন্দিন জীবনে দেশের প্রতি আমাদের কর্তব্য পালন করা। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে সৃষ্ট জ্বালানি সংকটে উদ্বেগ বেড়েছে। ফলে পেট্রোল-ডিজেলের ব্যবহার কমান। ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে গণপরিবহণ বা মেট্রো ব্যবহার করুন।" সোনা কেনাতেও রাশ টানার নিদান দিয়েছেন মোদি। এবার সেই প্রেক্ষিতেই কোভিড অধ্যায়ে দেশের ধসে যাওয়া অর্থনীতির কথা মনে করালেন প্রকাশ রাজ।
মোদি সরকারের কড়া সমালোচনা করে দক্ষিণী অভিনেতার মন্তব্য, "নোটবন্দির মাধ্যমে অর্থনীতি ধ্বংস করেছেন। জনতাকে থালাবাসন বাজানোর নিদান দিয়ে 'গো কোভিড গো' স্লোগান দিতে বলেছেন। ২ কোটি চাকরি, ১০০ স্মার্ট সিটি, প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমার মতো 'জুমলা' বা ফাঁকা বুলি আউড়েছেন। কৃষকদের প্রতারিত করেছেন। এমন কথাও বলেছেন যে, 'হাওয়াই চটি পরা মানুষও এবার বিমানে চড়বেন'। দেশের আমজনতার কাছ থেকে 'গব্বর সিং'য়ের মতো কর আদায় করেছেন, অথচ আপনার নিজের ধনী বন্ধুদের কর মুকুব করে দিয়েছেন। আর এখন দেশের সাধারণ মানুষদের ত্যাগস্বীকার করার কথা বলছেন, কারণ দেশ পরিচালনায় মোদি তো সম্পূর্ণভাবে ব্যর্থ। আর এই সত্যটা সকলের অনুধাবন করা উচিত।" প্রকাশ রাজের এহেন মন্তব্যের পরই ফোঁস করে উঠেছেন নেটভুবনের একাংশ। কেউ দক্ষিণী তারকাকে বোকা বলে কটাক্ষ করেছেন তো কেউ বা মনে করিয়ে দিয়েছেন, মোদি বলেছেন টাকা অপচয় না করে সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে। কেউ বা বললেন জুয়া খেলো না। কারও বা কটাক্ষ, 'আপনি কি কংগ্রেসের হাতের পুতুল?'
