সেলিব্রিটি হওয়াটা কি আর কম ঝক্কির? তাঁদের ঘিরে চারিদিকে হাজারও ক্যামেরা। ফ্ল্যাশের ঝলকানি। পাপারাজ্জিদের চেঁচামেচি, ছোটাছুটি, সব সময়েই প্রচারের আলোয় থাকেন তারকারা। কাজেই তটস্থও থাকতে হয় সর্বক্ষণ। তবে সেলেবপাড়ার সদস্যদের অনেকেরই আবার ছবিশিকারীদের সঙ্গে আদায়-কাঁচচলায় সম্পর্ক! সেই তালিকায় জয়া বচ্চন নিঃসন্দেহে শীর্ষে! পাপারাজ্জিদের সঙ্গে তাঁর সমীকরণের ঝাঁজালো নিদর্শন বহুবার মিলেছে। সম্প্রতি সোনাক্ষী সিনহাও ছবিশিকারীদের উপর মেজাজ হারিয়েছেন। এবার পাপারাজ্জি সংস্কৃতি নিয়ে কড়া কথা নেহা ধুপিয়ার।
নেহা ধুপিয়ার অভিযোগ, একাধিকবার অভিনেত্রীরা আপত্তি জানালেও পাপারাজ্জিরা তাঁদের কথা কানে তোলেননি। বরং দীর্ঘদিন ধরেই তারকাদের অজান্তে কখনও কোমরে, কখনও বক্ষবিভাজিকায় আবার কখনও বা পশ্চাৎদেশে ক্যামেরা তাক করে চলেছেন।
মঙ্গলবার সন্ধেয় মুম্বইয়ের এক অনুষ্ঠানে যোগ গিয়েছিলেন অভিনেত্রী তথা সঞ্চালিকা। সেখানেই কোনওরকম রেয়াত না করে উপস্থিত ছবিশিকারিদের উদ্দেশে সপাট প্রশ্ন ছুড়ে দেন তিনি। নেহা ধুপিয়ার (Neha Dhupia) অভিযোগ, একাধিকবার অভিনেত্রীরা আপত্তি জানালেও পাপারাজ্জিরা তাঁদের কথা কানে তোলেননি। বরং দীর্ঘদিন ধরেই তারকাদের অজান্তে কখনও কোমরে, কখনও বক্ষবিভাজিকায় আবার কখনও বা পশ্চাৎদেশে ক্যামেরা তাক করে চলেছেন। একাধিকবার অনুরোধ সত্ত্বেও পাপারাজ্জিদের এহেন প্রবণতা বন্ধ না হওয়ায় এবার প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিলেন নেহা। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটভুবনে চর্চার শিরোনামে।
"এই অসভ্যের মতো পিছন দিক থেকে ছবি-ভিডিও কেন তোলো? তোমাদের মধ্যে কারা..."
ভাইরাল ওই ভিডিওয় নেহা ধুপিয়াকে বলতে শোনা যায়, "এই অসভ্যের মতো পিছন দিক থেকে ছবি-ভিডিও কেন তোলো? তোমাদের মধ্যে কারা এগুলো করে? বন্ধ করো এগুলো।" এখানেই অবশ্য থামেননি অভিনেত্রী। তাঁর সংযোজন, "শুধু আমার কেন, কারোরই এরকম ছবি-ভিডিও তুলবে না। বলে বলে ক্লান্ত হয়ে গিয়েছি আমরা। বন্ধ করো। এসব আর চলবে না। আমরা যেমন তোমাদের সম্মান করি, তোমরাও সেটার মর্যাদা দিতে শেখো।" নেহা ধুপিয়ার এহেন মন্তব্য ভাইরাল হতেই সায় জানিয়েছেন নেটমহল। দিন কয়েক আগে দক্ষিণী ছবি 'পেড্ডি'তে জাহ্নবী কাপুরের বুক-পেট, কোমরে ক্যামেরা মাত্রাতিরিক্তভাবে 'জুম' করায় বিতর্কের সৃষ্টি হয়েছিল। পরিচালক যদিও ক্ষমা চেয়ে নেন তার জন্য। এমন আবহেই এবার পারাজ্জিদের 'কান মুলে' সভ্যতার পাঠ দিলেন নেহা ধুপিয়া।
