অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra) এখন আর কেবল বলিউড তারকা নন। বলা যায় ধীরে ধীরে গ্লোবাল আইকন হয়ে উঠছেন তিনি। এবার তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন অ্যাঞ্জেলিনা জোলি! হলিউডের সর্বকালের জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম অ্যাঞ্জেলিনার সঙ্গে তাঁর জোট বাঁধার খবর জানিয়েছেন খোদ পিগি চপস।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় প্রিয়াঙ্কা জানিয়েছেন, বলিউডে বেশ কয়েকটি বড় প্রোজেক্টে কাজ করার পর এবার তিনি হাত মেলাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে। কিন্তু নতুন প্রোজেক্ট নিয়ে খুব বেশি মুখ খোলেননি প্রিয়াঙ্কা। তবে এই ইঙ্গিতেই খুশি তাঁর অনুরাগীরা। শিগগিরি ছবির নাম বা বিষয় কিংবা অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাবে, আশাবাদী তাঁরা।
ওই একই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, বলিউড থেকে এসে হলিউডে নিজেকে এভাবে প্রতিষ্ঠা করা তাঁর জন্য সহজ ছিল না। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''"যখন আমি শুরু করি, তখন চিত্রনাট্যগুলি আমার জন্য কাস্টমাইজ করা হত না মোটেই।" তবে এখন প্রিয়াঙ্কা বলিউডেও নিজের পায়ের নিচের জমি শক্ত করে ফেলেছেন। এপ্রসঙ্গে প্রিয়াঙ্কা জানিয়েছেন, সালমা হায়েক, পেনালোপে ক্রুজ, অ্যাঞ্জেলিনা জোলির মতো অভিনেত্রীদের কেরিয়ার তাঁকে বরাবর উদ্বুব্ধ করে এসেছে।
উল্লেখ্য, ২০০০ সালে মিস ওয়ার্ল্ড মুকুট জয়ের পর বলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা। তখন তিনি অষ্টাদশী। এরপরই একাধিক ব্লকবাস্টার সিনেমা ও জাতীয় পুরস্কার জয়ের মাধ্যমে বলিউডের 'জংলি বিল্লি' হয়ে ওঠা। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী প্রিয়াঙ্কা এরপর পা রাখেন হলিউডে। শুরু হয় নতুন ইনিংস। মার্কিন টিভি সিরিজ 'কোয়ান্টিকো'-তে কাজ করেন তিনি। এরপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক প্রোজেক্টে কাজ করার পাশাপাশি তিনি 'অ্যানোমেলি হেয়ার ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা। ইউনিসেফ গ্লোবাল গুডউইল অ্যাম্বাসাডরও। এবার অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তিনি কেমন কাজ করেন, সেদিকে তাকিয়ে সকলে। অনেকেই মনে করছেন, ছবিটি সফল হলে হলিউডে প্রিয়াঙ্কার অবস্থান আরও মজবুত হয়ে উঠবে।
