স্বামী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণের শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি, তবুও এই কঠিন সময়ে পেশাদারিত্বের পথে হেঁটে নতুন উদাহরণ তৈরি করলেন প্রিয়াঙ্কা সরকার। শুক্রবার বিক্রম চট্টোপাধ্যায় প্রযোজিত 'তারকাটা' সিরিজের শুটিংয়ে যোগ দেন অভিনেত্রী। গত ২৯ মার্চ এই সিরিজের শুটিং করাকালীনই রাহুলের মর্মান্তিক পরিণতির খবর পেয়ে ছুটে গিয়েছিলেন তিনি। কিন্তু মাঝপথে কাজ থেমে যাওয়ায় বেশ কিছু অসম্পূর্ণ দৃশ্যের শট দেওয়ার জন্যেই এদিন শুটিংয়ে যোগ দেন প্রিয়াঙ্কা। এমতাবস্থায় নেটপাড়ার নীতিপুলিশদের একাংশ অভিনেত্রীর শোকযাপন নিয়ে প্রশ্ন তুললে নিন্দুকদের মুখে ছাই দিয়ে আরেকপক্ষ 'সহজের মা'য়ের হয়ে সরব হলেন।
শুটিংয়ে যোগ প্রিয়াঙ্কা সরকারের। ছবি- সংগৃহীত
শমীক রায়চৌধুরী পরিচালিত 'তারকাটা'য় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। খবর, আরও দিন দুয়েকের কাজ এখনও বাকি। যদিও আগামী সপ্তাহেই প্রিয়াঙ্কার শুটে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে শুক্রবার বেশ কিছু সিকোয়েন্সের শুটিংয়ের জন্য অভিনেত্রীকে কাজে যেতে হয় বলে জানা যায় সূত্র মারফৎ। খবর প্রকাশ্যে আসার পর অনুরাগীদের অনেকেই তাঁর মানসিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। প্রিয়াঙ্কা ঠিক আছেন তো? এমন কৌতূহল সর্বত্র। এমন আবহেই ফ্লোর থেকে প্রকাশ্যে এল অভিনেত্রীর শট দেওয়ার আগমুহূর্তের এক ভিডিও। যেখানে বিষণ্ণ চেহারায় চিত্রনাট্য হাতে শট দেওয়ার প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে তাঁকে। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত দেখেই প্রিয়াঙ্কা সরকারকে সাহস জোগাল অনুরাগীমহল।
কেউ বললেন, 'সহজের জন্য এই লড়াই তোমাকেই জিততেই হবে', আবার কারও মন্তব্য, 'কাজে ব্যস্ত থাকলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে তুমি। যেটা এই মুহূর্তে তোমার সবথেকে বেশি দরকার।' কেউ বা সহজ-প্রিয়াঙ্কার মানসিক শক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনায় রত হয়েছেন।
কেউ বললেন, 'সহজের জন্য এই লড়াই তোমাকেই জিততেই হবে', আবার কারও মন্তব্য, 'কাজে ব্যস্ত থাকলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে তুমি। যেটা এই মুহূর্তে তোমার সবথেকে বেশি দরকার।' কেউ বা সহজ-প্রিয়াঙ্কার মানসিক শক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনায় রত হয়েছেন। আসলে বিগত বারো দিনে প্রিয় মানুষকে হারানোর পর যেন শোকপ্রকাশের সুযোগটুকুও যেন পাননি প্রিয়াঙ্কা! রাহুলের রহস্যমৃত্যুর কারণ উন্মোচনের লক্ষ্যে কলকাতার গণ্ডি পেরিয়ে ভিন রাজ্যেও ছুটেছেন। আবার কখনও বা চোখের জল মুছে ইন্ডাস্ট্রির সতীর্থদের সঙ্গে স্বামীর ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছেন। শুধু তাই নয়। কঠিন সময়ে রাহুলের পরিবারের সামনে যেমন 'ঢাল' হয়ে দাঁড়িয়েছেন, তেমনই সন্তান সহজকে বুকে আগলে রেখেছেন। তবুও জনসমক্ষে ব্যক্তিগত যন্ত্রণা প্রকট করতে চাননি। মাত্র তেরো বছর বয়সে এই পিতৃবিয়োগের যন্ত্রণা কীভাবে সামলাবে সহজ? গত কয়েক দিনে বারবার ঘুরেফিরে এই প্রশ্ন উঁকি দিয়েছে জনমানসে। এবার 'তারকাটা' সিরিজের শুটিং ফ্লোর থেকে ভিডিও প্রকাশ্যে আসার পর সহজের লড়াকু মা'কে কুর্নিশ জানাল নেটভুবন।
