shono
Advertisement
Ranveer Singh

'কান্তারা'র দৈব নৃত্যকে ব্যঙ্গ করায় মামলা, পালটা কর্ণাটক হাই কোর্টের দ্বারস্থ রণবীর সিং

বিচারপতি এম নাগপ্রসন্নের নেতৃত্বাধীন বেঞ্চের কাছে পিটিশন দাখিল করে অভিনেতার যুক্তি, "ঋষভ শেট্টির পারফরম্যান্সের প্রশংসা করেছিলাম। আর সেটাকেই অন্যায়ভাবে অপরাধের রং লাগিয়ে দেওয়া হয়েছে।" পালটা আদালতে কেন ভর্ৎসনার মুখে পড়তে হল রণবীর সিংকে?
Published By: Sandipta BhanjaPosted: 06:34 PM Feb 23, 2026Updated: 07:30 PM Feb 23, 2026

পঁচিশ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে 'কান্তারা' নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন রণবীর সিং (Ranveer Singh)। শুধু তাই নয়, সিনেমার এক দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে ঋষভ শেট্টির দৈব নৃত্যকে 'ভূত' বলেও ব্যঙ্গ করেন বলিউড অভিনেতা। 'ইফি'র মঞ্চ থেকে সেই বিতর্কিত মন্তব্য ভাইরাল হতেই রণবীরের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তোলে কর্নাটকের তুলু সম্প্রদায়। যার জেরে মাসখানেক ধরেই আইনি জটিলতায় ভুগতে হচ্ছে রণবীরকে। এফআইআর-এর পাশাপাশি 'ধুরন্ধর' অভিনেতার বিরুদ্ধে ফৌজদারী মামলাও দায়ের হয়। এবার সংশ্লিষ্ট ইস্যুতে কর্ণাটক উচ্চ আদালতের দ্বারস্থ রণবীর সিং।

Advertisement

সোমবার কর্ণাটক আদালতে আবেদন খারিজ হওয়ার পর পালটা বলিউড তারকাকে ভর্ৎসনা করে বলা হয়, "একজন বলিউড তারকা হওয়ার কারণেই কি বিষয়টি জরুরিভাবে নেওয়া উচিত নাকি হলিউড তারকা হলে এরকম অগ্রাধিকার প্রাপ্য?"

গোয়ায় ফিল্ম ফেস্টিভ্যালের আসর থেকে রণবীর সিংয়ের মন্তব্য ভাইরাল হতেই দক্ষিণী সিনেদুনিয়ায় বিতর্কের ঝড় উঠেছিল। এমনকী আসমুদ্রহিমাচলেও ধর্মীয় ভাবাবাগে আঘাতের অভিযোগে বিদ্ধ হতে হয় অভিনেতাকে। বিতর্কের জেরে গত ডিসেম্বর মাসেই 'ড্যামেজ কন্ট্রোল' করতে ক্ষমা চেয়ে নিয়েছিলেন রণবীর, তবে তাতে চিঁড়ে ভেজেনি! বরং তুলু সম্প্রদায়ের দেবদেবীদের নিয়ে ঠাট্টা করায় রণবীর সিংয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়ে দক্ষিণের রাজ্যে। সেই প্রেক্ষিতেই এবার মামলা বাতিলের আবেদন জানিয়ে কর্ণাটক হাই কোর্টের দ্বারস্থ রণবীর সিং। বিচারপতি এম নাগপ্রসন্নের নেতৃত্বাধীন বেঞ্চের কাছে পিটিশন দাখিল করে অভিনেতার যুক্তি, "ঋষভ শেট্টির পারফরম্যান্সের প্রশংসা করেছিলাম। আর সেটাকেই অন্যায়ভাবে অপরাধের রং লাগিয়ে দেওয়া হয়েছে।"

রণবীর সিংয়ের 'কান্তারা' মিমিক্রি বিতর্ক

সংশ্লিষ্ট ইস্যুতে পুলিশের তরফে দুটি আইনি নোটিস জারি হওয়ায় রণবীরের আইনজীবীর মন্তব্য, "অভিনেতার উপর অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে।" সেই মর্মেই দিনের দিন জরুরী শুনানির আবেদন জানিয়েছিলেন রণবীরের আইনজীবী। তবে সোমবার কর্ণাটক আদালতে আবেদন খারিজ হওয়ার পর পালটা বলিউড তারকাকে ভর্ৎসনা করে বলা হয়, "একজন বলিউড তারকা হওয়ার কারণেই কি বিষয়টি জরুরিভাবে নেওয়া উচিত নাকি হলিউড তারকা হলে এরকম অগ্রাধিকার প্রাপ্য?" বলিউড মাধ্যম সূত্রে খবর, এদিন বিচারপতি নাগপ্রসন্নর বেঞ্চ আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

এর আগে ক্ষমা চেয়ে রণবীর সিং জানিয়েছিলেন, "আমি শুধু ঋষভ শেট্টির অসাধারণ পারফরম্যান্সের কথা উল্লেখ করতে চেয়েছিলাম। একজন অভিনেতা হিসেবে আমি জানি, এই ধরণের দৃশ্যে অভিনয় করার জন্য কতটা কসরত করতে হয়। তাই মন থেকে ওঁকে শ্রদ্ধা করি। আমি বরাবর আমাদের দেশের প্রত্যেকটি সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাসকে গভীরভাবে সম্মান করে এসেছি। কিন্তু যদি কারও ভাবাবেগে আমি আঘাত করে থাকি তাহলে মন থেকে ক্ষমা চাইছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement